আলফাডাঙ্গায় এক রাতে চার বাড়িতে ডাকাতি
ফরিদপুরের আলফাডাঙ্গায় একই রাতে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রাম ও বুরাইচ ইউনিয়নের পাকুরিয়া গ্রামে এসব ডাকাতির ঘটনা ঘটে।
আলফাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাকুড়িয়া গ্রামের খালেক শেখের ছেলে শাহানুর শেখ (২০) ও মৃত কাঞ্চন শেখের ছেলে জাকির শেখকে (৩০) রাত সাড়ে তিনটার দিকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পাকুড়িয়া গ্রামের শাহাবুল শরিফ (২৫) রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে বাইরে গেলে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত তাঁকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে। ডাকাতেরা তাঁকে ঘরে নিয়ে এক লাখ টাকা, সোনার গয়নাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পাকুড়িয়া গ্রামসংলগ্ন দক্ষিণ শিরগ্রামের গোরস্থান এলাকার শাহজাহান খান স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত একটার দিকে ডাকাতেরা তাঁকে বেঁধে ফেলে। পরে তাঁকে বাড়িতে এনে সোনার গয়নাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই সময় শাহজাহানকে দিয়ে তাঁর চাচা নজরুল মাওলানাকে ডেকে ঘুম থেকে তুলে সেই ঘর থেকে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এরপর রাত দেড়টার দিকে ডাকাতেরা একই গ্রামের আমিনুল হকের (৩৮) ঘরের গ্রিল ভেঙে প্রথমে একজন ঘরে ঢুকে দরজা খোলার চেষ্টা করে। একপর্যায় ডাকাতেরা তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।