আলফাডাঙ্গায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বানা ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ বানা ইউনিয়নের পাশের বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতা চলাকালে বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের কয়েকটি বখাটে ছেলে বেলবানা গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করে।ঘটনাটি নিয়ে গত কয়েক দিন থেকে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। গত বুধবার সকাল ও সন্ধ্যায় দুই দফায় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের কমপক্ষে ২৫ জন আহত হন।পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউএনও বলেন, সংকট নিরসনে উভয় গ্রামের লোকজনকে নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।