আলফাডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিটাচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।সংঘর্ষে নিহত ব্যক্তির নাম বিশু মিয়া (৩৯)। তিনি টিটাচর গ্রামের মানিক মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আল-আমীন (৩০), লায়েক (৩৫) ও আলী আকবর (৬০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের দেলোয়ার মিয়া ও মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই দিন আগে এলাকার শিশুদের ক্রিকেট খেলার সময় মারামারি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজানুরের সমর্থক বিশু মিয়া প্রতিপক্ষের সড়কির আঘাতে গুরুতর আহত হন। ঘটনার পর তাঁকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।সংঘর্ষে মিজানুরের সমর্থক রাজ্জাক মিয়া (৬০), টুলু (৪০) ও মাহবুল (৩৫) এবং দেলোয়ারের সমর্থক আল-আমীন আহত হন।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য বিশুর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।