আলফাডাঙ্গায় দুই বাড়িতে ডাকাতি
ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে উপজেলা সদর ইউনিয়নের মিঠাপুর ও মিঠাপুর চরপাড়া গ্রামে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাদুল হাসান বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল মিঠাপুর চরপাড়া গ্রামের জাহিদ হোসেনের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে দেশি অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।এর আগে রাত সাড়ে ১২টার দিকে মিঠাপুর গ্রামের হিরু খালাসির বাড়িতে গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাত দল দেশি অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে এক ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে।আলফাডাঙ্গা থানার ওসি এ বি এম জাকির হোসেন বলেন, একটি চক্র চোর হয়ে ঘরে ঢুকে ডাকাতি করে বেড়াচ্ছে। দলটিকে ধরার চেষ্টা চলছে।