আলফাডাঙ্গায় পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গার একটি উচ্চবিদ্যালয়ের মাঠে গত বুধবার বন্ধুসেবা নামের একটি সংগঠন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন একই সময়ে সেখানে সমাবেশ আহ্বান করে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ। এ পরিপ্রেক্ষিতে উচ্চবিদ্যালয় মাঠ-সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
আওয়ামী লীগের নেতা সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমানকে বন্ধুসেবার অনুষ্ঠানে প্রধান অতিথি না করার জেরে তাঁর অনুসারী নেতারা পাল্টাপাল্টি কর্মসূচি দেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে বন্ধুসেবা সংগঠনের নামে হেলেঞ্চা উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীরা বুধবার বিকেলে ঈদ পুনর্মিলনীর ঘোষণা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলামকে। এতে বর্তমান সাংসদ আবদুর রহমানের অনুসারী আওয়ামী লীগ নেতারা ক্ষুব্ধ হন। তাঁরা গত সোমবার আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান। ওই দিন বিকেলে ওসি মো. নাজমুল করিম ঘটনাস্থলে গিয়ে বন্ধুসেবা সংগঠনের নির্মাণ করা মঞ্চ অপসারণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ওই স্থানে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বানে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়ে সোমবার বিকেল ও বুধবার সকালে এলাকায় মাইকযোগে প্রচার চালানো হয়। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মু. খায়রুজ্জামান বুধবার বেলা একটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হেলেঞ্চা উচ্চবিদ্যালয় মাঠ ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর রশিদ প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু ছেলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চেয়েছিল। এ জন্য তারা এক মাস আগে অনুমতি নিয়েছিল।
বন্ধুসেবা সংগঠনের সহসভাপতি মো. হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের অনুষ্ঠান ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও শিক্ষামূলক। সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম একজন শিক্ষানুরাগী। এ কারণে তাঁকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু বিষয়টি হয়তো কেউ কেউ নেতিবাচক হিসেবে নিয়েছেন।’
বুরাইচ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার খালাসি বলেন, ‘এত বড় একটা অনুষ্ঠান হবে বর্তমান সাংসদ আবদুর রহমানকে তা জানানোই হয়নি। তাই বিষয়টি রাজনৈতিক হয়ে দাঁড়ায়। অনুষ্ঠানে বর্তমান সাংসদ আসছেন না, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম আসছেন, এটা নেতারা মানতে পারেননি। ওপরের নেতাদের বিরোধের কারণে আমাদের বলির পাঁঠা হতে হয়েছে।’
মু. খায়রুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, কাজী সিরাজুল ইসলাম ১৯৯৬ ও ২০০১ সালে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন। তবে তিনি ২০০৫ সালে দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন আবদুর রহমান। এদিকে গত মার্চে কাজী সিরাজুল ইসলামকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক এ দুই সাংসদের মধ্যে বিরোধ দেখা দেয়।