আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাজারের একজন ব্যবসায়ীকে এক পুলিশ কর্মকর্তা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ ও থানা ঘেরাও করে ওই পুলিশ কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। পরে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার এসএসসি পরীক্ষা চলাকালীন আলফাডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রসংলগ্ন দোকান খোলা রাখায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার সাহা দোকানের মালিক সৈয়দ আশরাফ আলীকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা জানাজানি হলে বাজারের সহস্রাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে মিছিল করেন। তারা ওসিকে প্রত্যাহারের দাবিতে বাজারসংলগ্ন থানা ঘেরাও করেন। উদ্ভূত পরিস্থিতিতে বাজারের বণিক সমিতির নেতাদের সঙ্গে ওসি আলোচনায় বসেন। পরে বিষয়টি নিষ্পত্তি হয়।সৈয়দ আশরাফ জানান, ‘পরীক্ষা কেন্দ্রে জারি ১৪৪ ধারার অন্তত ২০ গজ দূরে তাঁর দোকান ছিল। কিন্তু ওসি তাঁকে মারধর করে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের হুমকি দেন।’ এ ব্যাপারে ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান। তিনি বলেন, ওসির সঙ্গে এক ব্যবসায়ীর ঝামেলা হয়েছে। এ জন্য ব্যবসায়ীরা থানা ঘেরাও করেন। তবে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।