আলফাডাঙ্গায় স্কুল ভবন জমি মধুমতিতে বিলীন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনে চলতি বর্ষা মৌসুমে দেড় শতাধিক পরিবারের বসতভিটা, একটি বিদ্যালয়ের ভবন ও ৩৪০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৭টি গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ষা শুরু হওয়ার পর নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে উপজেলার বুড়াইচ, গোপালপুর, বানা, টগরবন্দ ও পাচুড়িয়া ইউনিয়ন ভাঙনের কবলে পড়ে। ইতিমধ্যে বুড়াইচ ইউনিয়নের খোলাবাড়িয়া, চর খোলাবাড়িয়া, পরাণপাড়া ও টিকরপাড়া গ্রামের ৪৫টি পরিবারের বসতভিটা ও দেড় শ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। গোপালপুর ইউনিয়নের দিগনগর ও বাজরা গ্রামের ৩০টি পরিবারের বসতভিটা ও প্রায় ৬০ একর জমি বিলীন হয়ে গেছে। বানা ইউনিয়নের দিঘল বানা ও আটোক বানা গ্রামের ৫৫টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। এ ছাড়া এ দুই গ্রামের প্রায় ১০০ একর জমি বিলীন হয়ে গেছে। পাচুড়িয়া ইউনিয়নের ২৫টি পরিবারের বসতভিটা ও ৩০ একর জমি বিলীন হয়েছে। এ ছাড়া এ ইউনিয়নের চরনারানদিয়া, দেউলি ও পাচুড়িয়া গ্রামে ভাঙন শুরু হয়েছে। বিলীন হয়ে গেছে টগরবন্দ ইউনিয়নের ৪০টি পরিবারের বসতভিটা, টিঠা-পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০০ একর জমি।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, টগরবন্দ ইউনিয়নের দেড় কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে জলবায়ু ট্রাস্টের আওতায় পাঁচ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা দিয়ে ভাঙনকবলিত ৩২৮ মিটারে কাজ শুরু হয়েছে। বাকি চারটি ইউনিয়নের ভাঙন প্রতিরোধের জন্য প্রকল্প প্রস্তাব পাউবোর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।