আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী পালন
নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, পথসভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী পালিত হয়েছে।জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর আদিবাসী পল্লিতে আলফ্রেড সরেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সিপিবি, বাসদ, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও (এনজিও) পুষ্পস্তবক অর্পণ করে। আলফ্রেডের স্মরণে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।বেলা ১১টার দিকে সেখান থেকে মহাদেবপুরের নওহাটা মোড়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। নওহাটায় সহস্রাধিক আদিবাসী জড়ো হয়ে আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। এ সময় সেখানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বেলা ১২টার দিকে ১২ কিলোমিটার পদযাত্রা করে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে যান আদিবাসীরা। পথে হাট চকগৌরী ও হাঁপানিয়া বাজার এলাকায় দুটি সংক্ষিপ্ত পথসভা করা হয়। এ সময় সভা-সমাবেশে বক্তব্য দেন আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেন, মেয়ে জোসনা সরেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নওগাঁ জেলা শাখার সভাপতি আমিন কুজুর ও সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, জেলা সিপিবির সভাপতি প্রদ্যুৎ ফৌজদার প্রমুখ।বক্তারা আলফ্রেড সরেনের হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসব দাবি আদায়ে জেলা প্রশাসক মো. এনামুল হকের কাছে সঞ্চারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।২০০০ সালের ১৮ আগস্ট মহাদেবপুরের ভীমপুর আদিবাসী পল্লিতে সন্ত্রাসীদের হামলায় খুন হন আলফ্রেড সরেন।আ.লীগের প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘১৩ বছরেও আলফ্রেড সরেন হত্যার বিচার হয়নি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ। তিনি বলেছেন, সংবাদের একটি অংশে আলফ্রেড হত্যা মামলার আসামি সদর উপজেলার বলিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতেম আলীকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে হাতেমের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। অতীতেও কখনো ছিল না।