আলফ্রেড সরেনের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর স্বীকৃতি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেনের হত্যাকারীদের বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন হয়।

এর আগে সকাল ১০টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে আলফ্রেড সরেনের সমাধিতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আলফ্রেড সরেনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে ‘আলফ্রেড সরেনের হত্যাকারীদের বিচার, সমতল, আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও সংবিধানের আদিবাসীদের স্বীকৃতির দাবিতে মানববন্ধন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আমীন কুজরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সবিন চন্দ্র মুণ্ডা, নরেন পাহান, বিভূতিভূষণ মাহাতো, ভারত পাহান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন ও উচ্ছেদের ঘটনার ক্ষেত্রে রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। প্রকাশ্য দিবালোকে আলফ্রেড সরেনকে কুপিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার বিচার ১৬ বছরেও হয়নি।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠিীর মানুষের ওপর অত্যাচার-জুলুমের মূলে রয়েছে ভূমি সমস্যা। তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করলে এ সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি মন্তব্য করেন।

২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে নওগাঁর সদর উপজেলার বলিহার তৎকালীন চেয়ারম্যান হাতেম আলী ও তাঁর সহযোগী শীতেষ ভট্টাচার্য গদাইয়ের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আলফ্রেড সরেনকে হত্যা করে। এ ঘটনায় তখন দুটি মামলা হলেও এ পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি।