
ফাঁসির সাজাই বহাল থাকল একাত্তরের ভয়ংকর খুনে আলবদর বাহিনীর নেতা মতিউর রহমান নিজামীর। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত তাঁর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং গণহত্যা, হত্যা ও ধর্ষণের দায়ে জামায়াতে ইসলামীর আমির নিজামীর ফাঁসির সাজা বহাল রেখেছিলেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজামীর বিরুদ্ধে মামলার চূড়ান্ত এই রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি মাত্র এক শব্দের আদেশে বলেন, ‘ডিসমিসড’। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, খুব শিগগির হয়তো রিভিউর পূর্ণাঙ্গ রায় বা সংক্ষিপ্ত আদেশ কারাগারে পৌঁছে যাবে। তখন কারা কর্তৃপক্ষ নিজামীকে রায় পড়ে শোনাবে এবং জানতে চাইবে, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। যদি তিনি প্রাণভিক্ষা চান, তাহলে কারা কর্তৃপক্ষ সে অনুসারে ব্যবস্থা নেবে। আর যদি তিনি প্রাণভিক্ষা না চান, তাহলে সরকারের নির্ধারিত দিনে মৃত্যুদণ্ড কার্যকর হবে।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এর আগেও আমি দু-একটি মামলায় সংক্ষিপ্ত আদেশ চেয়েছিলাম। কিন্তু আদালত তা না দিয়ে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। তাই এবার আর আমি সংক্ষিপ্ত আদেশ চাইনি। তবে সংক্ষিপ্ত আদেশ গেলেও রায় কার্যকর করা যাবে।’
আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগের রায়গুলো যেভাবে কার্যকর করা হয়েছে, মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে তেমনটাই হবে। তিনি বলেন, এখন আইনের একটাই ধাপ বাকি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি চাইলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর বিচারহীনতার যে সংস্কৃতি শুরু হয়েছিল, তা থেকে ধীরে ধীরে আইনের শাসনে ফিরে যাওয়া হচ্ছে। নিজামীর মামলার রায় তার জ্বলন্ত প্রমাণ। এর মাধ্যমে কিছুটা হলেও ভারমুক্ত হওয়া গেছে।
নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ বলেছে, এই রায় ঐতিহাসিক। আর আসামিপক্ষ বলেছে, এই বিচার ঠিক ছিল কি না, তা পর্যালোচনা করবে ভবিষ্যৎ প্রজন্ম। এদিকে এই রায়ের প্রতিবাদে সারা দেশে ৮ মে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
আপিল বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে নিজামীকে বলা হয়েছে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নকশাকার। ২০০০ সালে সেই নিজামীই হন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের প্রধান বা আমির। এমনকি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে (২০০১-০৬) তিনি প্রথমে কৃষি ও পরে শিল্পমন্ত্রী ছিলেন। এ নিয়ে ট্রাইব্যুনাল রায়ে বলেছিলেন, নিজামীকে এ দেশের মন্ত্রী করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ নারীর গালে চড় মারা হয়েছে। এটা জাতির জন্য লজ্জা, অবমাননা।
নিজামী চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত ওই রায় দেন। ওই মামলা এখন হাইকোর্টে বিচারাধীন।
এ নিয়ে জামায়াতের চারজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের শেষ ধাপ পার হলো। এর আগে রিভিউ আবেদন খারিজের পর দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। সর্বোচ্চ আদালতে রিভিউ খারিজের পর ফাঁসি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর। আপিলে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ শুনানি এখনো হয়নি।
তিন অভিযোগে ফাঁসি বহাল: ২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল নিজামীর বিরুদ্ধে মামলার রায় দেন। তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল।
এই রায়ের বিরুদ্ধে নিজামীর আপিলের রায় ঘোষণা হয় চলতি বছরের ৬ জানুয়ারি। আপিলে আরও তিনটি অভিযোগ থেকে নিজামী খালাস পান। পাঁচটি অভিযোগে তাঁকে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এগুলো হলো পাবনার সাঁথিয়া উপজেলার রূপসী, বাউসগাড়ি ও ডেমরা গ্রামের ৪৫০ জনকে নির্বিচার হত্যা ও ধর্ষণ, ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা। বাকি দুটি অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত।
বুদ্ধিজীবী হত্যার নকশাকার: নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে আপিল বিভাগ ও ট্রাইব্যুনাল বলেছিলেন, আলবদর বাহিনী যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়েছিল, তার ওপর নিজামীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। রাষ্ট্রপক্ষের দাখিল করা বিভিন্ন নথি এবং মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, একাত্তরের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি নিধনযজ্ঞে যোগ দেয় জমিয়তে তলাবা (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ)। মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য ছাত্রসংঘ দুটি আধা সামরিক জঙ্গি বাহিনী গঠন করে—আলবদর ও আলশামস। এর মধ্যে আলবদরে যোগ দেয় জমিয়তে তলাবার বিপুলসংখ্যক সদস্য। এই সিদ্ধান্ত নিয়েছিলেন মতিউর রহমান নিজামী; কারণ, তিনি ছিলেন জমিয়তের নাজিম-এ-আলা (প্রধান)। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিজামী ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি, এরপর তিনি নিখিল পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি হন। ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজামী ছাত্রসংঘের প্রধান ছিলেন। একাত্তরের ১৪ নভেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম-এ নিজামী ‘বদর দিবস: পাকিস্তান ও আলবদর’ শীর্ষক প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করে পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য আলবদরদের উৎসাহ দেওয়া হয়।
‘প্রাণভিক্ষার আবেদন নিজস্ব সিদ্ধান্ত’: রায়ের পর এক প্রশ্নের জবাবে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, তা তাঁর নিজস্ব ব্যাপার। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ফাঁসির রায় বহাল থাকা প্রসঙ্গে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে। রিভিউ আবেদন খারিজ হওয়া নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এ বিচার ঠিক ছিল কি না, ভবিষ্যৎ প্রজন্ম তা পর্যালোচনা করবে।’ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সমালোচনা করে তিনি বলেন, এই আইনে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন কার্যকর নয়। এখানে শোনা সাক্ষ্যের ভিত্তিতে বিচার করতে হয়। তাই স্বাভাবিকভাবে আদালতের কিছু করার থাকে না।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, নিজামী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর কনডেম সেলে বন্দী। গতকাল ওই কারাগারের জেলার মো. নাশির আহমেদ প্রথম আলোকে বলেন, নিজামী দুপুরে তাঁর কাছে থাকা এক ব্যান্ডের রেডিওর মাধ্যমে রিভিউ আবেদন খারিজ হওয়ার খবর শুনেছেন। রায় শোনার পর তাঁকে একটু চিন্তিত ও বিচলিত মনে হয়েছে। তবে আদালতের রায়ের কপি এখনো কারাগারে পৌঁছায়নি। গতকাল রায় ঘোষণার পর কাশিমপুর কারাচত্বর ও আশপাশের এলাকায় নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।