আলবদর নেতার ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলীকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দলটির অর্থের জোগানদাতা হিসেবে বেশি পরিচিত। বিদেশে লবিস্ট নিয়োগ করে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের ষড়যন্ত্রের সঙ্গেও তিনি যুক্ত বলে অভিযোগ আছে। ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলে গড়ে তুলেছিলেন ভয়ংকর এক নির্যাতন কেন্দ্র, যাকে ‘ডেথ ফ্যাক্টরি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমের আপিলের রায় ঘোষণা করেন। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের সপ্তম রায় ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। এর আগে আপিল বিভাগের রায়ে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার। আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী। আর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেওয়া হলেও আপিল বিভাগ এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেননি।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে তিন লাইনের সংক্ষিপ্ত রায়ে আপিল বিভাগ জানিয়ে দেন, মীর কাসেমের আপিল আংশিক মঞ্জুর হয়েছে। এর মধ্যে একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে মীর কাসেমের সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়। আরও ছয়টি অভিযোগে মীর কাসেমের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল রাখেন আদালত। তবে তিনটি অভিযোগে খালাস পান তিনি। এর মধ্যে একাত্তরে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে হত্যার দায়ে মীর কাসেমকে ফাঁসির আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
রায়ের পর আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্ত সংস্থার সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন, স্বস্তি দেখা গেছে বিচারপ্রার্থীদের মধ্যেও। কয়েক দিন ধরে এই রায় নিয়ে বিতর্ক চলছে। গত শনিবার এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের মামলা পুনঃশুনানির দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একই অনুষ্ঠানে প্রধান বিচারপতির সমালোচনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিতর্কের মধ্যেই মীর কাসেমের রায় কী হয়, তা জানতে গতকাল সবার দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। গতকাল অবশ্য দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন ও তাঁদের আদালতে তলব করেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

.
.

রায়ের পর আসামিপক্ষ বলেছে, পূর্ণাঙ্গ রায় দেখে তা পুনর্বিবেচনার (রিভিউ) বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন। আর মীর কাসেমের দল জামায়াত আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মীর কাসেমের বিরুদ্ধে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
একটিতে ফাঁসি বহাল, অন্যটিতে খালাস: মীর কাসেমের বিরুদ্ধে ১১ নম্বর অভিযোগ, একাত্তরে পবিত্র ঈদুল ফিতরের পরদিন কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে আটক করে আলবদর সদস্যরা ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্রে নিয়ে যায়। ২৮ নভেম্বর মীর কাসেমের নির্দেশে আলবদররা তাঁকে দিনভর নির্যাতন করে। নির্মম অত্যাচারে জসিম মারা গেলে আরও পাঁচজনের সঙ্গে তাঁকে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল সর্বসম্মতভাবে মীর কাসেমকে সর্বোচ্চ সাজার আদেশ দেন, আপিল বিভাগও সর্বসম্মতভাবে তা বহাল রাখেন।
১২ নম্বর অভিযোগ অনুসারে, একাত্তরের নভেম্বরের কোনো একদিন চট্টগ্রামের হাজারী লেনের বাসা থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী, রঞ্জিত দাস ও টুন্টু সেনকে আটক করে মীর কাসেমের নেতৃত্বাধীন আলবদর সদস্যরা। পরে জাহাঙ্গীরকে আলবদররা ছেড়ে দেওয়া হলেও রঞ্জিত ও টুন্টুকে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন ও পরে হত্যা করা হয়। এই অভিযোগে ট্রাইব্যুনালের দুই সদস্য মীর কাসেমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিলেও অপর সদস্য খালাস দেন। আপিল বিভাগ সর্বসম্মতভাবে এ অভিযোগ থেকে মীর কাসেমকে খালাস দেন।
ছয়টিতে কারাদণ্ড বহাল: ট্রাইব্যুনালের রায়ে আটটি অভিযোগে মীর কাসেমকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর মধ্যে ছয়টিতে কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
দ্বিতীয় অভিযোগে লুৎফর রহমান ও সিরাজকে নির্যাতনের দায়ে ২০ বছর, তৃতীয় অভিযোগে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নির্যাতনের দায়ে সাত বছর, সপ্তম অভিযোগে সানাউল্লাহ চৌধুরী ও হাবিবুর রহমানকে নির্যাতনের দায়ে সাত বছর, নবম অভিযোগে সৈয়দ মো. জামালউদ্দিনসহ ছয়জনকে নির্যাতনের দায়ে সাত বছর, দশম অভিযোগে জাকারিয়া, সালাউদ্দিন, ইস্কান্দারসহ কয়েকজনকে নির্যাতনের দায়ে সাত বছর এবং ১৪তম অভিযোগে নাসিরউদ্দিনকে নির্যাতনের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এসব অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া সাজা হুবহু বহাল রেখেছেন আপিল বিভাগ।
চতুর্থ অভিযোগে সাইফুদ্দিন খান ও ষষ্ঠ অভিযোগে হারুনুর রশীদ খানকে নির্যাতনের দায়ে মীর কাসেমকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এ দুটি অভিযোগ থেকে আপিল বিভাগ তাঁকে খালাস দিয়েছেন।
ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। গত ৯ ফেব্রুয়ারি থেকে ওই আপিলের শুনানি শুরু হয়, শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। পরে রায় ঘোষণার জন্য ৮ মার্চ তারিখ ধার্য করেন আদালত।
প্রতিক্রিয়া: রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাঁরা প্রত্যাশিত রায় পেয়েছেন। তিনি বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরাই যুদ্ধাপরাধের বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা ঠিক নয়। এই বিচার রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর এই বিচার হচ্ছে, তা ভুলে গেলে চলবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষের গাফিলতি ছিল কি না, তা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জানা যাবে।
সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে উল্লেখ করে মীর কাসেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রায়ের পর বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মত নেই। সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে। ভবিষ্যতে ইতিহাস এই রায় পর্যালোচনা করবে।’
মীর কাসেম আলীর স্ত্রী খোন্দকার আয়েশা খাতুনের মন্তব্য, তাঁর স্বামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার ‘আইনগত ভিত্তি নেই’। গতকাল রায়ের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে যে সাক্ষ্যপ্রমাণ আনা হয়েছে, তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয়। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর তা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে বলে তিনি জানান।
ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রায়ের পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আসামিপক্ষ রিভিউ আবেদন দাখিল না করলে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। আর রিভিউ করলে শুনানি শেষে যে রায় হবে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে বিচারাধীন কোনো বিষয় নিয়ে বক্তব্য না দিতে সবার প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী।
গাজীপুর প্রতিনিধি জানান, কাশিমপুর কারাগারে বন্দী মীর কাসেমকে তাঁর ফাঁসির আদেশ বহাল থাকার খবর জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে তাঁর মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি বলে কারা সূত্র জানিয়েছে।