আলবদরের করা সব অপরাধের দায় নিজামীর: রাষ্ট্রপক্ষ
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, নিজামী একাত্তরে আলবদর বাহিনীর প্রধান ছিলেন। নেতৃত্বে থাকায় আলবদরের করা সব অপরাধের দায় তাঁর।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলতাফ উদ্দিন আহমেদ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২১ মার্চ দিন ধার্য করেছেন। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় চট্টগ্রামের আদালতে হাজির করায় নিজামীকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।অভিযোগ উপস্থাপনকালে আলতাফ উদ্দিন আহমেদ বলেন, একাত্তরে নিজামী নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। আলবদর বাহিনী গঠন করা হলে তিনি এর প্রধান হন। একাত্তরের ৮ মে ভোরবেলায় পাবনার সাঁথিয়া উপজেলার সুরেন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পূজাঘরের সামনে অনেক লোককে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। রাজাকাররা বাড়িঘর লুট ও নারী ধর্ষণ করে। ১৪ মে সাঁথিয়ার দুই গ্রামের ৪৫০ জনকে বিশাল গর্তে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনায় নিজামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।কৌঁসুলি বলেন, আগস্টে পাবনার সোনাতলা গ্রামের মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র কুণ্ডু প্রাণের ভয়ে ভারতে চলে যান। নিজামীর নির্দেশে রাজাকাররা তাঁর বাড়ি পুড়িয়ে দেয়। সাঁথিয়ার পাইলট উচ্চবিদ্যালয়ে রাজাকার ক্যাম্পে নিজামী নিয়মিত যেতেন ও ষড়যন্ত্র করতেন। ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটা থেকে পরদিন সকাল আটটার মধ্যে সাঁথিয়ার আবদুল আউয়ালের বাড়িতে রাজাকাররা চারজনকে হত্যা করে।উপস্থাপিত অভিযোগে বলা হয়, ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে পাকিস্তানি সেনাদের সাহায্যে রাজাকাররা ঈশ্বরদীর বিভিন্ন বাড়িতে লুট করে ও আগুন দেয়। ১৯ জনকে হত্যা করা হয়। নিজামী হত্যার চেষ্টা করছেন—এ খবর পেয়ে আটঘরিয়ার এক ব্যক্তি আত্মগোপনে ছিলেন। একদিন বাসে করে যাওয়ার সময় পাকিস্তানি সেনারা তাঁকে ধরে পাওয়ার হাউসের সেনাক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতন করে। ১০ জুন বেলা একটার দিকে ইছামতী নদীর পাড়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে তাঁকেও গুলি করে হত্যা করা হয়।অভিযোগে আরও বলা হয়, বেড়া থানার সোহরাব আলীর বড় ছেলে আবদুস সেলিম ও ভাতিজা আলাউদ্দিন ভারতে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে যান। ৩ ডিসেম্বর ভোরে রাজাকাররা সোহরাবের বাড়িতে গিয়ে ছেলের সন্ধান জানতে চায়। না বলায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন গ্রামটির প্রায় ৭২টি বাড়ি রাজাকাররা পুড়িয়ে দেয়।কৌঁসুলি বলেন, ৮ আগস্ট সকালে মুক্তিযোদ্ধা আবদুল মাজেদকে পাকিস্তানি সেনারা আটঘরিয়ার নূরপুর পাওয়ার হাউসের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাঁকে অমানুষিক নির্যাতন করে পরদিন হত্যা করা হয়। তাঁর লাশের ওপর সাদা কাগজে লেখা ছিল, ‘আর যারা আছো তারা নিজামী ও সোবহান মাওলানার কাছে আত্মসমর্পণ করো।’ পাকিস্তানি সেনারা ঢাকার মোহাম্মদপুরে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ক্যাম্প করেছিল। পরে সেখানে রাজাকার ও আলবদর ক্যাম্প করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। জামায়াতের সাবেক আমির গোলাম আযম, নিজামী প্রমুখ ওই ক্যাম্পে নিয়মিত যাতায়াত করতেন ও মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র করতেন।৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের শেষ পর্যায়ে কৌঁসুলি বলেন, একাত্তরে বিজয়ের প্রাক্কালে আলবদর বাহিনী দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের ধরে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করে। আলবদরের প্রধান হিসেবে ওই সব অপরাধের দায় নিজামীর।