আলবদর-প্রধানের ফাঁসি বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তিনি ছিলেন এক ভয়ংকর খুনে বাহিনীর নেতা। স্বাধীন বাংলাদেশের জন্ম যখন প্রায় নিশ্চিত, তখন তিনি তাঁর খুনে আলবদর বাহিনীকে লেলিয়ে দেন। তাঁর নীলনকশা অনুসারে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় আলবদররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করে।
২০১৪ সালের ২৯ অক্টোবর ফাঁসির আদেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সম্পর্কে এই কথাগুলোই বলেছিলেন। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ আদালতের রায়েও একই বক্তব্যের প্রতিফলন ঘটেছে। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং গণহত্যা, হত্যা ও ধর্ষণের দায়ে নিজামীর ফাঁসির সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একাত্তরের বর্বর ও নৃশংস বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নকশাকার নিজামী কোনো দিন তাঁর অপরাধের জন্য অনুশোচনা করেননি। বরং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে তাঁকে পুনর্বাসিত করা হয়। ২০০০ সালে তিনি জামায়াতে ইসলামীর এদেশীয় শীর্ষ নেতা বা আমির হন। এমনকি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের কৃষি ও শিল্পমন্ত্রী ছিলেন তিনি। এ নিয়ে ট্রাইব্যুনাল রায়ে বলেছিলেন, নিজামীকে এ দেশের মন্ত্রী করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ নারীর গালে চড় মারা হয়েছে। এটা জাতির জন্য লজ্জা, অবমাননা।

তবে ৪৪ বছর পর হলেও ন্যায়বিচার পাওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। তবে জামায়াতে ইসলামী তাদের আমিরকে ফাঁসির সাজা দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
নিয়ম অনুসারে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে পারবেন নিজামী। তাতেও যদি নিজামীর ফাঁসির দণ্ড বহাল থাকে, তাহলে সবশেষে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ পাবেন।
নিজামী আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায়ও ফাঁসির সাজা পাওয়া আসামি। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত দেশের সর্ববৃহৎ অস্ত্র চোরাচালানের এই ঘটনায় নিজামীকে ফাঁসির আদেশ দেন। এ মামলাটিও এখন হাইকোর্টে বিচারাধীন আছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ নিয়ে জামায়াতের পাঁচজন শীর্ষস্থানীয় নেতার আপিলের রায় ঘোষণা করা হলো। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী এবং দুই সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার মামলার রায় দিয়েছেন আপিল বিভাগ। এর মধ্যে শুধু সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে। বাকি তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
আপিল বিভাগের রায়: গতকাল সকাল ৯টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মাত্র তিনটি বাক্যে নিজামীর আপিলের রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি বলেন, আপিল আংশিক মঞ্জুর করা হলো। ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে তাঁকে (নিজামী) খালাস দেওয়া হলো। ২, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগে তাঁর দণ্ড বহাল রাখা হলো।
আপিল বিভাগের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ মামলায় নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে ১৬টি অভিযোগ আনে, ট্রাইব্যুনালে তার মধ্যে ৮টি প্রমাণিত হয়। এর মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি ও ডেমরা গ্রামে ৪৫০ জনকে নির্বিচার হত্যা ও ধর্ষণ, করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও ৩ জনকে ধর্ষণ, ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে (২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ) নিজামীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
আপিল বিভাগ গতকাল করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও ৩ জনকে ধর্ষণের দায় (৪ নম্বর অভিযোগ) থেকে নিজামীকে খালাস দেন। বাকি তিন অভিযোগে তাঁর ফাঁসির দণ্ড বহাল রাখেন।
এ ছাড়া একাত্তরে পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক কছিমুদ্দিনসহ তিনজনকে হত্যা, ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কেন্দ্রে নির্যাতন ও হত্যা, সোহরাব আলীকে হত্যা এবং গেরিলা মুক্তিযোদ্ধা বদি, রুমি ও আজাদ এবং সুরকার আলতাফ মাহমুদকে হত্যার দায়ে (১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগ) নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর মধ্যে কছিমুদ্দিনসহ তিনজনকে হত্যা এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে নির্যাতন ও হত্যার দায় (১ ও ৪ নম্বর অভিযোগ) থেকে নিজামীকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
প্রতিক্রিয়া: এই রায়ে রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রায়ের পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘সবচেয়ে স্বস্তি অনুভব করছি যে, বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে নিজামীর যে ভূমিকা ছিল, তার দায় প্রতিষ্ঠিত হলো। নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পরিপ্রেক্ষিতে জাতি স্বস্তি অনুভব করছে। এই রায়ের মাধ্যমে বুদ্ধিজীবী পরিবারগুলো স্বস্তি অনুভব করছে। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারের দাবি দীর্ঘদিনের। মুজাহিদের রায়ের মাধ্যমে কিছুটা হলেও তা প্রতিষ্ঠিত হয়েছিল। আলবদরের সর্বোচ্চ নেতা নিজামীর দণ্ড প্রদানের মাধ্যমে সেই বিচার পাওয়ার আশা পূরণ হলো।’
নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তাঁর মক্কেল বললে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, আইনজীবী হিসেবে তাঁকে রায় মেনে নিতে হবে। যদি নিজামী রায় পর্যালোচনা করে পুনর্বিবেচনার আবেদন করতে বলেন, তাহলে অবশ্যই তা করা হবে।
নিজামীর এই আইনজীবী আরও বলেন, আদালতের সামনে যেসব সাক্ষ্য-প্রমাণ আসে, সেগুলো বিবেচনা করেই আদালত রায় দেন। এই মামলার সাক্ষীদের সেফহোমে রেখে যেভাবে শেখানো হয়েছে, তাঁরা সেভাবেই আদালতে সাক্ষ্য দিয়েছেন। এসব সাক্ষ্য-প্রমাণের সামনে আদালত অনেকটা অসহায় অবস্থায় থাকেন।
বুদ্ধিজীবী হত্যার নকশাকার: নিজামীর বিরুদ্ধে মামলার পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছিলেন, আলবদর বাহিনী যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়েছিল, তার ওপর নিজামীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। রাষ্ট্রপক্ষের দাখিল করা বিভিন্ন নথি এবং মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, একাত্তরের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি নিধনযজ্ঞে যোগ দেয় জমিয়তে তলাবা (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ)। মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য ছাত্রসংঘ দুটি আধা সামরিক জঙ্গি বাহিনী গঠন করে—আলবদর ও আলশামস। এর মধ্যে আলবদরে যোগ দেয় জমিয়তে তলাবার বিপুলসংখ্যক সদস্য। এই সিদ্ধান্ত নিয়েছিলেন মতিউর রহমান নিজামী; কারণ, তিনি ছিলেন জমিয়তের নাজিম-এ-আলা (প্রধান)। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিজামী ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি, এরপর তিনি নিখিল পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি হন। ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজামী ছাত্রসংঘের প্রধান ছিলেন।
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, ১৯৭১ সালের ১৪ নভেম্বর জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম-এ নিজামীর লেখা ‘বদর দিবস: পাকিস্তান ও আলবদর’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। এতে নিজামী লেখেন, ‘...পাক সেনাবাহিনীর সহযোগিতায় এ দেশের ইসলামপ্রিয় তরুণ ছাত্রসমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আলবদর বাহিনী গঠন করেছে।...’ ওই লেখায় মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করে পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য আলবদরদের উৎসাহ দেওয়া হয়। নিজামী মহান আল্লাহর নাম এবং পবিত্র ধর্ম ইসলামকে জেনেশুনে ও উদ্দেশ্যমূলকভাবে অপব্যবহার করেছিলেন বাঙালি জাতিকে নিশ্চিহ্ন ও নির্মূল করার জন্য।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এখন তিনি কাশিমপুর কারাগারে আছেন।