আলবিরুনি সমগ্র বিশ্বের
আলবিরুনি শুধু মুসলিম বিশ্বের নন, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের একজন। বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী এই ব্যক্তির পথ অনুসরণ করলে বিজ্ঞানীরা সঠিক দিকনির্দেশনা পাবেন।
পণ্ডিত আবু রায়হান আলবিরুনির এক হাজার ৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল বুধবার এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
আলবিরুনির জন্মস্থান বর্তমান উজবেকিস্তানের খাওয়ারেজম অঞ্চলে। তিনি গণিত, জ্যোতির্পদার্থবিদ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে পারদর্শী ছিলেন। এ ছাড়া তিনি ভূগোল, ইতিহাস, চিকিৎসাবিজ্ঞান, ভাষাতত্ত্ব ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক। স্বাধীন চিন্তা, মুক্তিবুদ্ধি ও নির্ভীক মতামতের জন্য তিনি যুগশ্রেষ্ঠ বলে স্বীকৃত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল রিসার্চ ফেলো আবদুল লতিফ সামিয়ান বলেন, আলবিরুনির জীবনাচরণের ওপর অধ্যয়ন মানে সত্যের অন্বেষণ করা। তাঁর ধারণাগুলো বাস্তবতার ওপরে নির্ভরশীল। ঢাকাস্থ আবু রায়হান বিরুনি ফাউন্ডেশনের উদ্যোগে এই সম্মেলনে ড. সামিয়ান বলেন, বিশ্ব শান্তি ও আঞ্চলিক উন্নয়ন, বৈজ্ঞানিক সমস্যার সমাধানে তাঁর নীতি অনুসরণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আলবিরুনির দর্শন আজও সমকালীন বিশ্বে প্রাসঙ্গিক।