উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেই সঙ্গে দীর্ঘদিনের কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারির দ্বিতীয় দফা নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর শাহে আলম ও শিবগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ওরফে মতিনের সমর্থকদের মধ্যে চলছে এ উত্তেজনা। এই দুই নেতাই চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই নেতার দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় মতিন ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি তখন বিএনপির সমর্থন পান। ওই সময় শাহে আলম পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই নির্বাচনে শাহে আলম ৮৭ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মীর শাহে আলমের পক্ষে কাজ করছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি শাহ এম এ জলিল এবং মতিনের পক্ষে কাজ করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও জ্যেষ্ঠ সহসভাপতি মতিয়ার রহমান।
তাজুল ইসলাম বলেন, সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন শাহে আলম। দলে তাঁর মতো নেতার প্রয়োজন আছে। এ কারণে তিনি তাঁর পক্ষে কাজ করছেন।
পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মতিয়ার রহমান জানান, এলাকার উন্নয়নের স্বার্থে সৎ ও দক্ষ নেতা হিসেবে মতিনের বিকল্প নেই। এ কারণে তিনি তাঁকে সমর্থন দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত বৃহস্পতিবার মীর শাহে আলম ও শুক্রবার মতিয়ার রহমান তাঁদের পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৃথকভাবে কৌশল নির্ধারণী সভা করেন। দলটির তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা এখন শাহে আলম ও মতিয়ার রহমানে বিভক্ত হয়ে ভোট চাইতে শুরু করেছেন।
উপজেলার ছাতুয়া গ্রামের বিএনপির সমর্থক তানজিলুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচন হলে সমস্যা হয় না। কিন্তু উপজেলা নির্বাচনে পড়তে হয় বিপাকে। শাহে আলম আর মতিন—দুজনই বড় নেতা। তাই ভোট দিতে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি।’
মীর শাহে আলম বলেন, ‘আমি বিএনপির উচ্চমহল থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার মৌখিকভাবে সমর্থন পেয়েছি।’
মতিয়ার রহমান বলেন, ‘আমি দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী। গতবারও আমি সমর্থন পেয়েছিলাম।’