আলমগীর কবিরের মনোনয়ন নিয়ে বিএনপিতে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। গত বুধবার নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলমগীর কবির।
বহুল আলোচিত বাংলা ভাইয়ের দুর্গ বলে পরিচিত আত্রাই ও রানীনগর উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আলমগীর কবির গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তখন এলাকায় বাংলা ভাইয়ের উত্থান ঘটেছিল। বিএনপি সরকারের মেয়াদ শেষের দিকে আলমগীর কবির বিএনপি ত্যাগ করে এলডিপিতে যোগ দেন।
গত ২২ নভেম্বর নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আলমগীর কবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে আত্রাই-রানীনগর উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের একদল নেতা–কর্মী। এই আসন থেকে আলমগীর কবির ও রেজাউল ইসলামকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি।
রানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আল ফারুক বলেন, আলমগীর কবির বিএনপি ত্যাগ করার পর বিএনপির নেতা–কর্মীরা সংকটময় সময় অতিবাহিত করেন। দুঃসময়ে দলের হাল ধরা আলমগীর কবিরের ছোট ভাই আনোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি ছিল অধিকাংশ নেতা–কর্মীর। কিন্তু আলমগীরকে মনোনয়ন দেওয়ায় নেতা–কর্মীরা চরম হতাশ হয়েছেন।
আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি সভায় ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি। তাঁর অনুসারী একডালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আলমগীর দলে ফিরে আসায় এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। দল অবশ্যই তাকে মনোনয়ন দেবেন এবং তিনি জয়লাভ করবেন। দল যাঁকে মনোনয়ন দেবে, নেতা–কর্মীদের তাঁর পক্ষেই কাজ করতে হবে।