কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থী মো. রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর দোকানের ফল খাওয়ার কারণে রিয়াদকে ঘুষি মেরে ও বালুচাপা দিয়ে হত্যা করা হয়। হত্যায় অংশ নেন তিনিসহ চারজন।
আসামি আলমগীর গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতের বরাত দিয়ে রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার দিন রাতে রিয়াদ মনোহরগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানে পড়ে থাকা কিছু আঙুর ফল তুলে নিয়ে খায়। এ সময় আলমগীর তাঁর দোকানের এক কর্মচারীকে রিয়াদকে মার দিতে বলেন। চারজন মিলে প্রথমে রিয়াদকে কিল-ঘুষি মেরে জখম করেন। পরে তাকে জনৈক খোরশেদ আলমের স্টিলের আসবাবের কারখানার পেছনে নিয়ে বালুচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ প্লাস্টিকের একটি বস্তায় ভরে আসামিরা চলে যান।
উপজেলার দিশাবন্দ গ্রামের মো. খোকন মিয়ার ছেলে ও দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রিয়াদের (৯) বস্তাবন্দী লাশ মঙ্গলবার উদ্ধার করে পুলিশ।