আলমডাঙ্গা ও কলারোয়ায় দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুজন গৃহবধূ খুন হয়েছেন। আলমডাঙ্গার মধুপুর গ্রামে জাবেদা খাতুন (২২) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত জাবেদার বাবা উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল হোসেন গত রোববার আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেছেন।মামলায় জাবেদার স্বামী মিলন হোসেন, তাঁর বাবা ওমর আলী, মা ছায়েরা বেগম ও বড় ভাই আবদুস সালামকে আসামি করা হয়েছে। নিহত জাবেদার ভাই আসলাম উদ্দিন জানান, কয়েক মাস ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কারণে-অকারণে জাবেদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত শনিবার সন্ধ্যায় তাঁরা জাবেদাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে খুন হওয়া গৃহবধূর নাম সেলিনা খাতুন (২৯)। পুলিশ তাঁর স্বামী শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। সেলিনা উপজেলার বাটরা গ্রামের মুনসুর আলীর মেয়ে। সেলিনার ভাই সাঈদুর রহমান জানান, একটি যাত্রা দলের নায়িকার সঙ্গে তাঁর দুলাভাই শাহীন আলমের পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় সেলিনাকে শনিবার সকালে মারধর করেন শাহীন ও তাঁর বাড়ির লোকজন। গতকাল সোমবার ভোরে সেলিনাকে দ্বিতীয় দফায় নির্যাতন চালানোর পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশের গলায় ওড়না জড়িয়ে গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী শাহীনের বাড়িতে ভাঙচুর চালান। পরে শাহীনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। শাহিন জানান, তিনি বা তাঁদের বাড়ির কেউ সেলিনাকে মারধর করেননি। সেলিনা আত্মহত্যা করেছেন। কলারোয়া থানার পরিদর্শক মোশারফ হোসেন (তদন্ত) জানান, এ ঘটনায় শাহীনসহ পাঁচজনের নামে হত্যা মামলা করেছেন নিহত সেলিনার বাবা।