আলমডাঙ্গা প্রেসক্লাবে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সন্ত্রাসীরা গত শনিবার রাতে প্রেসক্লাব ভবনে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলাল আহমেদ ও তাঁর লোকজন এ লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবারের ঘটনায় প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু গত রোববার আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, শনিবার গভীর রাতে আলমডাঙ্গা ওয়াপদা চত্বরে অবস্থিত প্রেসক্লাব ভবন দখলের উদ্দেশ্যে একটি সন্ত্রাসী চক্র এতে ভাঙচুর ও লুটপাট চালায়। প্রথমে সন্ত্রাসীরা তিনটি দরজা ভেঙে প্রেসক্লাব ভবনের ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভবনের আলমারির তালা ভেঙে একটি ফ্যাক্স মেশিন, দুটি ক্যামেরা, তিনটি টেপরেকর্ডার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ লুট করে নিয়ে যায়। এর আগে গত ২০ আগস্ট আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলালের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই প্রেসক্লাব ভবন দখলের চেষ্টা করে। ওই সময় প্রেসক্লাবের সব সাংবাদিক সম্মিলিতভাবে তা প্রতিহত করেন। আলমডাঙ্গা প্রেসক্লাব ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত রোববার রাতে ক্লাব সভাপতি শাহ আলম মন্টুর সভাপতিত্বে প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা হয়। মুঠোফোনে যোগাযোগ করা হলে আলাল আহমেদ গতকাল বলেন, শনিবারের হামলার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। পরদিন দুপুরে তিনি আলমডাঙ্গায় ফেরেন। সাংবাদিকেরা অহেতুক তাঁর ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ২০ আগস্টের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন ক্লাব ভবন দখল নয়, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে ক্লাব ভবনসংলগ্ন একটি কক্ষে কাউন্সিলরের কার্যালয় তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।