আলমডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের বার্ষিক অভ্যন্তরীণ নিরীক্ষায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় সাত লাখ টাকার আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় গত ৩০ আগস্টের জরুরি সভায় এই বরখাস্তের সিদ্ধান্ত হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হেলাল উদ্দিন স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিটি গত শনিবার পাঠানো হয়। মনিরুজ্জামান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, পরিচালনা পর্ষদ সাজানো তদন্তের নামে তাঁর ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ ঠিক নয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক অনিয়মসহ একের পর এক অভিযোগ উঠতে থাকে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ নিরীক্ষার পাশাপাশি উত্থাপিত অনিয়মেরও তদন্ত শুরু করে। নিরীক্ষাকালে ছয় লাখ ৬১ হাজার টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষককে কারণ দর্শাও নোটিশ দেয়। ৩০ আগস্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সাময়িক বরখাস্তের চিঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়।