আলমডাঙ্গায় ডাকাতি, হামলায় আহত ৩
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিতলা গ্রামের চরপাড়ায় শনিবার রাতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ তিনজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা চরপাড়ার আজাদ হোসেন (৩৫), একই এলাকার আবদুল খালেক (৫৫) ও তাঁর ছেলে আহসান আলী (৩০)। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় আহসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আজাদ হোসেন জানান, রাত ১১টার দিকে একদল মুখোশধারী ডাকাত তাঁর বাড়িতে ঢুকে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ হিসেবে নেওয়া পাঁচ হাজার টাকা দিতে বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় ডাকাতেরা তাঁকে কুপিয়ে একটি মুঠোফোনের সেট, নগদ ১০০ টাকা ও একটি টর্চলাইট লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তাঁর পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আবদুল খালেক ও আহসান আলী আহত হন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।