চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তাহেরা খাতুনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাসুদ রানা বাচ্চু এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ হয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ ওই বিক্ষোভে অংশ নেন।
আলমডাঙ্গা বণিক সমিতির আহ্বানে শহরের আনন্দধাম এলাকায় বেলা দুইটায় আধা ঘণ্টার মানববন্ধন হয়। দোকানপাট বন্ধ রেখে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরা এতে অংশ নেন। এ ছাড়া আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ আশপাশের ১৫টি বিদ্যালয় ও পাঁচটি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। তাহেরা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বণিক সমিতির নেতা মকবুল হোসেন, আবদুল জব্বার, জিল্লুর রহমান, শরিফুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ। পরে সেখানে মাসুদের কুশপুত্তলিকা পোড়ানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।
আলমডাঙ্গা পুলিশ গত সোমবার সন্ধ্যায় আনন্দধাম এলাকার ভাড়া বাসা থেকে তাহেরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় বুধবার প্রথম আলোতে ‘নির্যাতনের শিকার ছাত্রীর লাশ উদ্ধার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে নিহত তাহেরার এক বান্ধবী গতকাল অভিযোগ করে, ‘তাহেরারা যে বাড়িতে ভাড়া থাকত, সে বাড়ির মালিকের ছেলে মাসুদ তাকে উত্ত্যক্ত করত। আমাদের ধারণা, তাহেরাকে মাসুদই হত্যা করেছে।’
তাহেরার খালা রাবেয়া আক্তার বলেন, ‘ঘটনার পর থেকে বাড়ির মালিক আবদুল কাদেরের ছেলে মাসুদ পলাতক। তাই এ হত্যার জন্য কে দায়ী তা পরিষ্কার।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, গতকাল তাহেরার বাবা শাহজাহান আলী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।