আলমডাঙ্গায় অ্যানথ্রাক্সে আক্রান্ত দুই রোগী শনাক্ত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত দুই রোগীকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন যাদবপুর গ্রামের জমশের আলীর স্ত্রী আরবিয়া বেগম (২৫) ও তাঁর বোন তহমিনা খাতুন (২০)। গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে চিকিৎসকেরা তাঁদের অ্যানথ্রাক্স হয়েছে বলে শনাক্ত করেন।গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোহামঞ্চদ জহুরুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আরবিয়া জানান, ১৫ দিন আগে তাঁর চাচাতো দেবর যাদু মিয়ার একটি ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করা হয়। তাঁরা ওই ছাগলের মাংস খান। এক সপ্তাহ ধরে তাঁর বাঁ হাতের আঙুলে এবং তহমিনার ডান চোখের নিচে ফোসকা ও পরে ফোঁড়ার মতো দেখা যায়। শনিবার তাঁরা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ওই দিন সেখানকার চিকিৎসকেরা তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে জানান।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মোহামঞ্চদ জহুরুল ইসলাম জানান, পরীক্ষার পর তাঁদের অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। তাঁদের নিজেদের বাড়িতেই সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবদুস সামাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।