আলমডাঙ্গায় কেরুর খামারে লুটপাট, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়িতে কেরু অ্যান্ড কোম্পানির বাণিজ্যিক খামারে দুর্বৃত্তরা ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। তাদের ধাওয়ার মুখে নিরাপত্তাকর্মীরা পালিয়ে রক্ষা পেলেও খামারের কার্যালয়সহ তিনটি ঘর এবং সেখানে রাখা বিভিন্ন যন্ত্রাংশ ও কৃষি উপকরণ ছাই হয়ে গেছে।গত বুধবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাশের হোসেনপুর গ্রাম থেকে ফরমান (৩৫) ও অহিদুল ইসলাম (৩২) নামে দুজনকে আটক করেছে। খামারে হামলার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন, আলমডাঙ্গার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুুস সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান, কেরুর উপমহাব্যবস্থাপক (খামার) আবদুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।গতকাল জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আলমডাঙ্গার ইউএনও ওই খামারকে কেন্দ্র করে ধারাবাহিক সন্ত্রাসী তৎপরতার বিষয়টি উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে খামারসংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রাতের সন্ত্রাসী ঘটনায় কোম্পানির সহকারী ব্যবস্থাপক (ভূমি) নজরুল ইসলাম গতকাল বিকেলে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। গতকাল বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় এবং এর পাশের দুটি ঘর ছাই হয়ে গেছে। তখনো ছাইয়ের স্তূপ থেকে ধোঁয়া উঠছিল। খামারের অনেক গাছপালা আগুনে ঝলসে গেছে। খামারে বুধবার রাতে পাহারারত ছিলেন শ্রমিক হায়দার আলী, শহিদুল ইসলাম, বুদো মণ্ডল, অহিদুল ইসলাম, শাহাবুদ্দীন ও শহীদুল লস্কর। প্রত্যক্ষদর্শী এই শ্রমিকেরা জানান, বুধবার রাত ১২টার দিকে ১৫-২০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে খামারে ঢুকে তাঁদের ধাওয়া করে। ভয়ে তাঁরা পালিয়ে যান। এরপর সন্ত্রাসীরা খামারের কার্যালয়ের দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। চলে যাওার সময় তারা তিনটি ঘরেই আগুন ধরিয়ে দেয়। ঘরে তিনটি ব্যারেলভর্তি ডিজেল এবং রাসায়নিক সার থাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কাগজপত্রসহ মূল্যবান অনেক কিছুই ছাই হয়ে গেছে। কেরুর উপমহাব্যবস্থাপক (খামার) আবদুল কুদ্দুস জানান, প্রায় এক মাস ধরে পাশের গ্রামের একটি সংঘবদ্ধ চক্র খামারের ৪০০ বিঘা জমি দখল করতে লাল পতাকা তুলে দেয়। কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠার পর ১৯৪২ সাল থেকে এই জমিতে আখের আবাদ করে এলেও চলতি বছর চক্রের সদস্যরা কোম্পানির ওই জমি নিজেদের দাবি করে আখ রোপণে বাধা দিয়ে আসছে। এ ব্যাপারে কোম্পানির সহকারী ব্যবস্থাপক (ভূমি) নজরুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখ করে ১ অক্টোবর আলমডাঙ্গা থানায় মামলা করেন।মামলার পর ৩ অক্টোবর আখ রোপণ করতে গেলে ফের বাধা দেওয়া হয়। ১০ অক্টোবর প্রশাসনের সহায়তায় কেরুর শ্রমিকেরা আখ রোপণ করেন। ১১ অক্টোবর আখ রোপণ করতে গেলে শ্রমিকদের ওপর চড়াও হয় একই চক্রের সদস্যরা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে হায়দার আলী নামের এক শ্রমিক জখম হন। খবর পেয়ে আলমডাঙ্গার ইউএনও ঘটনাস্থলে যান। এরপর ১২ অক্টোবর শ্রমিকেরা নির্বিঘ্নে আখ রোপণ করলেও রাতে সেখানে এই হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।খামারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা একের পর এক অপরাধ করে যাচ্ছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বুধবার রাতের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের নামে মামলা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে।