আলমডাঙ্গায় ছয় বছরের শিশু ধর্ষিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ছয় বছরের এক শিশুকে গত বুধবার ধর্ষণ করেছে আবদুল মজিদ নামের এক ব্যক্তি। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক মজিদ পলাতক রয়েছেন।ওই শিশুর পরিবার ও পুলিশ জানায়, উপজেলার খুদিয়াখালী আবাসন এলাকার ফজলুর রহমানের ঘরজামাই আবদুল মজিদ। তিনি একই এলাকার ওই শিশুটিকে টেলিভিশন দেখানোর কথা বলে পাশের বাড়িতে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। শিশুটির গোঙানি শুনে তার বড় বোন (৯) ঘরে ঢুকে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় মজিদ কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বুধবার রাতেই একটি মামলা করেছেন। গতকাল নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুল কবীর জানান, অভিযুক্ত আবদুল মজিদকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।