আলমডাঙ্গায় দেড় বিঘা জমির ভুট্টা গাছ কেটে নষ্ট
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের কৃষক আজিজ আহমেদের দেড় বিঘা জমির ভুট্টাগাছ কেটে নষ্ট করেছে একদল দুর্বৃত্ত। গত রোববার রাতে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আজিজ দাবি করেন। কৃষকেরা জানান, বেশ কয়েক দিন ধরে দুষ্ট-প্রকৃতির কিছু লোক ভুট্টাগাছের পাতা ও কাঁচা ভুট্টা তুলে ক্ষতি করে আসছিল। এ অবস্থায় গত শুক্রবার বিকেলে হাড়োকান্দি গ্রাম ফসল রক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ইসলাম উদ্দিন জানান, কমিটির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় গ্রামে চাষি সমাবেশ ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ভুট্টাগাছ, গাছের পাতা ও ঘাস কাটলে গাছ ও ভুট্টাপ্রতি এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হবে। কৃষক আজিজ আহমেদ জানান, রোববার সন্ধ্যায় সভা চলাকালে তিনি জরিমানা আদায়ের বিষয়টি উপস্থাপন করায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর দেড় বিঘা জমির ভুট্টাগাছ নষ্ট করে। এতে তাঁর প্রায় ২০-২২ হাজার টাকার ক্ষতি হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।