আলমডাঙ্গায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শামিমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মোচাইনগর গ্রামে তাঁর বাবার বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত শামিমার লাশ উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর বলেন, শামিমার পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও শামিমার বাবার বাড়ির লোকজনের সূত্রে জানা গেছে, শামিমা (২১) মোচাইনগর গ্রামের আবদুস সালামের মেয়ে ও দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের আকরাম হোসেনের স্ত্রী। পারিবারিকভাবেই গত শনিবার শামিমার সঙ্গে আকরামের বিয়ে হয়। আকরাম স্ত্রীকে নিয়ে গত সোমবার শ্বশুরবাড়ি মোচাইনগরে আসেন। ওই রাতে নবদম্পতি একই কক্ষে ছিলেন। কিন্তু পরদিন সকালে বাড়ির গোয়ালঘরে শামিমার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক মোচাইনগরের একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, এটি ছিল শামিমার দ্বিতীয় বিয়ে। এর আগে এসএসসি পাসের পর মেহেরপুরের গাংনী উপজেলার এক ব্যক্তির সঙ্গে শামিমার বিয়ে হয়েছিল। কিন্তু দুজনের বনিবনা হয়নি। ছয় মাসের মাথায় বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে। শামিমার বর্তমান স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী। বিয়ের পর প্রতিবেশীরা সাবেক স্বামীর সঙ্গে বর্তমান স্বামীর তুলনা করেন। নানা কানাঘুষা করেন। এতে ক্ষোভে-দুঃখে শামিমা আত্মহত্যা করে থাকতে পারেন।