আলমডাঙ্গায় নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আর্জিনা খাতুন (২৮) নামের এক নারী শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিনোদপুর গ্রামের মৃত আজগার আলীর মেয়ে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।গত সোমবার বিকেলে আলমডাঙ্গা থানার পুলিশ আর্জিনার লাশ বিনোদপুর গ্রামের জিকে সেচ খালের পাশের একটি পানের বরজ থেকে উদ্ধার করে। ওই দিনই তাঁর ছোট বোন শিউলী খাতুন বাদী হয়ে ধর্ষণ ও খুনের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা আর্জিনা বিনোদপুর গ্রামের আবদুল মালেকের মুরগির খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোববার সকালে ওই খামারের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে থাকে। পরদিন দুপুরে গ্রামের একদল শিশু মাঠে শাক তুলতে গিয়ে জিকে সেচ খালের পাশের একটি পানের বরজে আর্জিনার লাশ দেখতে পায় এবং বিষয়টি স্বজনদের জানায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক জানান, আর্জিনাকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ গতকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।