চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও মা-ছেলেসহ চারজন আহত হয়েছেন। উপজেলার বন্ডবিল ও কয়রাডাঙ্গায় গত শনিবার এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বন্ডবিল গ্রামের বরকত আলীর মেয়ে তারু খাতুন (২৫), হারদী গ্রামের অপূর্ব সাহা (৩০) এবং মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামের মাহবুবুল ইসলাম (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার বন্ডবিলে চুয়াডাঙ্গাগামী দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আলমসাধুর যাত্রী তারু নিহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তারুর বোন মাজেদা খাতুন (৩৫), আলমসাধুর চালক উপজেলার নতিডাঙ্গা গ্রামের কলিম উদ্দিন, হারদী গ্রামের অপূর্ব সাহা ও গাংনী উপজেলার কেশবপুর গ্রামের নয়ন তারা (৩০) ও তাঁর একমাত্র ছেলে শান্তকে (৭) উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভিরুল হক গুরুতর আহত অপূর্বকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।এ ছাড়া ওই দিন সকালে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে পাওয়ার ট্রিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন আলমসাধুর যাত্রী মাহবুবুল। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জানান, বন্ডবিলে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে।