আলমডাঙ্গায় পানের বরজে শিশুর লাশ, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বানিনাতপুর গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে শিশু ইনামুল হকের (৩) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা নুর ইসলামের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

আলমডাঙ্গা থানার পুলিশ, শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামজামি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলামের ছোট ছেলে ইনামুল শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে রাস্তায় খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে ওই গ্রামের হোবরখালীর খালের পাশের হাটখোলার মাঠে একটি পানের বরজের ভেতর তারা গলাকাটা লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা থানায় খবর দিলে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে শিশুটির লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের রাতেই খুনের সঙ্গে জড়িত সন্দেহে ওই পানের বরজের মালিক ফজলুল হক এবং তাঁর স্ত্রী খালেদা খাতুন, ছেলে রেজাউল হক ও জামাতা নায়েব আলীকে আটক করেছে।

নিহত শিশুর মা রহিমা খাতুন দাবি করেন, প্রতিবেশী ফজলুল হকের পরিবারের সঙ্গে এক বছর আগে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। ফজলুল হকের ছোট ছেলে কৌশলে তাঁর ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে তার লাশ পাওয়া যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, ওই ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।