আলমডাঙ্গায় বিএনপির কার্যালয় ও নেতার বাড়িতে হামলা, ভাঙচুর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় ও উপজেলা বিএনপির সভাপতি শহীদুল কাওনাইন টিলুর বাড়িতে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।গতকাল বুধবার বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ঘটনার জন্য স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগকে অভিযুক্ত করা হয়েছে। তবে যুবলীগ বলছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রদল এ ঘটনা ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, যুবলীগের নেতা টুটুলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রাত নয়টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে তারা শহরের হাজী মোড়ে শহীদুল কাওনাইন টিলুর বাড়ির একটি ঘরও ভাঙচুর করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকেই দিগ্বিদিক ছুটতে শুরু করে। এ ঘটনায় গতকাল বিকেলে আলমডাঙ্গা হাজী মোড়ে প্রতিবাদ সভা করে বিএনপি। পৌর বিএনপির সভাপতি মিয়া আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান, বিএনপির নেতা মজিবুল হক, আ স ম আবদুর রউফ, সাইফুল ইসলাম ও আবদুল জব্বার। বক্তারা এ ভাঙচুরের জন্য যুবলীগ ও ছাত্রলীগকে অভিযুক্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় যুবলীগ বা ছাত্রলীগের কেউ জড়িত নন। তাঁর দাবি, ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ভাঙচুর চালানো হয়েছে।