আলমডাঙ্গায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দ হরিলুটের অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেস্ট রিলিফ (টিআর) ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পে (এলজিএসপি) বরাদ্দ টাকা ও খাদ্যশস্য লুটপাটের ঘটনা ঘটেছে।ভুয়া প্রকল্প দেখিয়ে এবং নামমাত্র কাজ করে বরাদ্দের সিংহভাগই ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতিরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরেজমিনে ওই ইউনিয়নে গত অর্থবছরে (২০১১-২০১২) গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে। এ সময় তারা প্রকল্পের কাজে অনিয়ম ও লুটপাটের সত্যতা পায়।প্রতিনিধিদলে উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমানও ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।বেলা ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা কালিদাসপুর ইউপি কার্যালয়ে যান। তাঁরা ইউপি সচিব শাহীন মোল্লার কাছে টিআর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র সংস্কারে বরাদ্দ (প্রকল্প নম্বর ২০৫) তিন মেট্রিক টন চালের কাজের বিষয়ে জানতে চান। ওই প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান নিজেই। ইউপি সচিব প্রতিনিধিদলকে জানান, তাঁর জানামতে, সেখানে এ ধরনের কোনো প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি। এলাকাবাসী অভিযোগ করেন, নওদাপাড়া কালভার্টের রাস্তায় মাটি ভরাট (টিআর প্রকল্প নম্বর ২০৪) বাবদ বরাদ্দ দুই মেট্রিক টন চাল তুলে ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। এ ছাড়া, এই প্রকল্পের নাম ‘চর শ্রীরামপুর টুপলার খালের কালভার্টের দুই পাশে মাটি ভরাট’ দেখিয়ে এলজিএসপি প্রকল্প থেকে ৭৫ হাজার টাকা তুলে প্রায় পুরোটাই আত্মসাৎ করেছেন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম।মিনাজ উদ্দিন নামে একজন এলাকাবাসী জানান, কালভার্টের দুই ধারে এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের পর ইউপি সদস্য নজরুল ইসলাম একদিন ছয়জন শ্রমিক দিয়ে কালভার্টের পাশে নামমাত্র মাটি ফেলেছেন। অভিযোগের ব্যাপারে জানতে নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।এলজিএসপি প্রকল্পের আওতায় বেস্ট মণ্ডলের বাড়ি থেকে রশিদের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং ইউনিয়ন তথ্যসেবার বিভিন্ন মালামাল ও ডিজিটাল ক্যামেরা কেনা বাবদ এক লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের সভাপতি সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য ময়না খাতুন। সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য নূর বানু জানান, ‘এটি একটি ভুয়া প্রকল্প।’ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ওয়াহিদা বেগম জানান, এই কেন্দ্রের জন্য সম্প্রতি কোনো মালামাল বা ডিজিটাল ক্যামেরা কেনা হয়নি।বক্তব্য জানতে অভিযুক্ত ময়না খাতুনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন অভিযোগ করেন, ইউনিয়নে এলজিএসপি প্রকল্পে বরাদ্দ করা নয় লাখ ৮৪ হাজার টাকার বেশির ভাগই চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব ঢালাও অভিযোগ দেওয়া হয়েছে, তা সত্য নয়। প্রকল্পগুলোর মধ্যে একটি প্রকল্পের নাম ভুল লেখা হয়েছে। শিগগির ওই প্রকল্পের কাজ শুরু হবে। তা ছাড়া তথ্যসেবা কেন্দ্রের নামে বরাদ্দ দিয়ে একটি কক্ষ তৈরি করা হবে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রকল্প পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের লুটেরার ভূমিকায় আমি মর্মাহত। কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যাঁরা এ ধরনের লুটপাটের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাব।’পিআইও মিজানুর রহমান জানান, যেসব প্রকল্পের কাজ না করে চেয়ারম্যান ও মেম্বাররা টাকা ও খাদ্যশস্য আত্মসাৎ করেছেন, তাঁদের তিন দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে পিআইও দপ্তরে মাস্টাররোল দাখিলের জন্য বুধবার (গতকাল) চিঠি পাঠানো হয়েছে।