আলমডাঙ্গায় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কলেজপাড়া এলাকার এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, গতকাল শনিবার ভোরে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়। নিহত ব্যবসায়ীর নাম আবদুল গনি (৪০)। গতকাল সকালে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁর লাশ ও মুঠোফোন উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই অভিযোগ করেন, তিনি আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করতে যান। কিন্তু পুলিশ অপমৃত্যুর মামলা হিসেবে এটি নথিভুক্ত করে।গনির স্ত্রী খালেদা খাতুন জানান, ভোরের দিকে তাঁর স্বামীর মুঠোফোনে কে বা কারা কল করেন। মুঠোফোনে কথা বলার পর হাত-মুখ ধুয়ে টাকা নিয়ে তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল সাতটার দিকে প্রতিবেশীদের কাছে তিনি খবর পান, উপজেলা চত্বরে তাঁর স্বামীর লাশ পড়ে আছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।লাশের ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকদলের প্রধান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলী হোসেন জানান, নিহত ব্যক্তির মাথায় দুটি আঘাতসহ শরীরের একাধিক স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর মুখের ভেতর বালু ঢোকানো ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদনে এসব লেখেনি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক দাবি করেন, তিনি নিয়ম অনুযায়ীই সুরতহাল প্রতিবেদন করেছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে মামলাটি হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হবে।’