আলমডাঙ্গায় ব্যবহারিকের নামে চলছে টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি বিষয়ে কর্তৃপক্ষ ২০ টাকা হারে দাবি করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, আলমডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ বছর মোট ৪৮৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০২, মানবিকে ২৫৭ ও ব্যবসায় শিক্ষায় ৩১ জন পরীক্ষার্থী রয়েছে। অপরদিকে আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে বিজ্ঞানে ১২০, মানবিকে ২৭৬ ও ব্যবসায় শিক্ষায় ৩৯ জন পরীক্ষার্থী রয়েছে।১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত এসএসসি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটিতে বিজ্ঞান বিভাগের ২২২ জন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত এবং ব্যবসায় শিক্ষার ৭০ ও মানবিকের ৫৩৩ জন কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান অথবা কম্পিউটার বিষয়ের যেকোনো একটিতে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবে।এদিকে গত বুধবার ও শুক্রবার কেন্দ্র দুটিতে ঘোষণা দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের ১১ মার্চের মধ্যেই ব্যবহারিক পরীক্ষার প্রতিটি বিষয়ের বিপরীতে ২০ টাকা হারে দিতে হবে। সে হিসাবে বিজ্ঞান বিভাগের ২২২ জনকে ৮০ টাকা করে ১৭ হাজার ৭৬০ টাকা এবং ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগের ৫৩৩ জনকে ১০ হাজার ৬৬০ টাকা দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, সন্তানকে ব্যবহারিক পরীক্ষায় ঝামেলামুক্ত রাখতে বাধ্য হয়েই দাবি করা টাকা দিতে তাঁরা রাজি হয়েছেন। আলমডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব পূর্ণিমা রানী সাহা টাকা দাবির কথা অস্বীকার করেন এবং পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব রবিউল ইসলাম প্রশ্নটি এড়িয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক জানান, ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দ টাকা যথাসময়ে পাওয়া যায় না। অথচ বহিঃপরীক্ষকের সমঞ্চানী ও আপ্যায়নসহ আনুষঙ্গিক অনেক বিষয়ে কেন্দ্রসচিবকেই খরচ করতে হয়। তা ছাড়া কিছু খরচ আছে, যা খাতায় লেখা যায় না। তাই কেন্দ্রসচিবরা এক প্রকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আলমডাঙ্গায় বর্তমানে পাঁচটি পরীক্ষা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে আপ্যায়ন ও আনুষঙ্গিক খরচ মিলে প্রায় ৩৫ হাজার টাকার মতো খরচ হয়। কেন্দ্রসচিবদের অনেক সময় পকেটের টাকা দিয়ে খরচ মেটাতে হয়। তাই শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায়ের বিষয়ে কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখব।’