চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাগনেরা এক মামাকে কুপিয়ে হত্যা ও অপর দুই মামাসহ চারজনকে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গত সোমবার রাতে উপজেলার হারদী থানাপাড়ায় এ ঘটনা ঘটে৷ একই রাতে দামুড়হুদা উপজেলার দুর্গাপুর গ্রামে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে৷
নিহত দুজন হলেন আলমডাঙ্গা উপজেলার হারদী থানাপাড়ার হারেজউদ্দিনের ছেলে মো. সফিউদ্দিন (৩৭) ও দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত ওলি হোসেনের ছেলে ব্যবসায়ী আবদুস সামাদ (৩৮)৷
আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, সফিউদ্দিন চার ভাই ও দুই বোনের মধ্যে সেজ৷ সম্প্রতি তাঁদের বাবা-মা ছেলেদের না জানিয়ে দুই বোনের নামে সাত শতক করে মোট ১৪ শতক জমি লিখে দেন৷ এই নিয়ে ছেলেদের সঙ্গে বাবা ও মায়ের ঝগড়া হয়৷
গত সোমবার রাত ১০টার দিকে নানা-নানির পক্ষ নিয়ে ভাগনে মিনারুল ও সোনাউল্লাহ সন্ত্রাসীদের নিয়ে মামাদের বাড়িতে হামলা চালান৷ এ সময় তাঁরা সফিউদ্দিন, তাঁর ভাবি বাছেনা ও ফরিদা খাতুন এবং বড় ভাই আজিবর রহমান, মজিবর রহমান ও প্রতিবেশী আতিয়ার রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান৷ সফিউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷
আহত অপর চারজনকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি৷ তবে খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ‘সামাদ ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুস সামাদকে দুর্বৃত্তরা সোমবার রাতে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে৷ পুলিশ গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে কার্পাসডাঙ্গা-দামুড়হুদা সড়কের মুক্তারপুর ছটাংগার মাঠ থেকে সামাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়৷