আলমডাঙ্গায় শান্তিপূর্ণ-উৎসবমুখর ভোট
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় উৎসবমুখর এক পরিবেশে ভোট হচ্ছে। আজ বুধবার সকালে এই পৌরসভার নির্বাচনী কেন্দ্রগুলোতে গিয়ে এই পরিবেশ দেখা যায়। হাতে গোনা দু-একটি ছাড়া দোকানপাট সব বন্ধ। রাস্তায় যানবাহনও তেমন চোখে পড়ে না। দল বেঁধে নারী-পুরুষ যাচ্ছেন ভোট কেন্দ্রের দিকে। কেন্দ্রগুলোর সামনের পরিবেশ গ্রামীণ মেলার মতো। কোথাও কোথাও বসেছে অস্থায়ী চায়ের দোকান। মাটিতে গর্ত করে চুলো তৈরি করে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে পাঁপড়, পেঁয়াজু। বসেছে শিশুদের খেলনার পসরা।
ভোটকেন্দ্রগুলোতে প্রচুর পুলিশ, আনসার বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। শহরের ভেতর বিজিবি নিরাপত্তারক্ষীদের গাড়ি টহল দিচ্ছে। জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসান প্রথম আলোকে বলেন, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। বিজিবির ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তায় জেলার প্রত্যেক পৌরসভায় বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন ও মোতায়েন রয়েছেন।
আলমডাঙ্গায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। আওয়ামী লীগের হাসান কাদির, বিএনপির মীর মহিউদ্দীন (বর্তমান মেয়র) জাসদের প্রার্থী সবেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় প্রতীক যথাক্রমে নৌকা, ধানের শিষ ও মশাল নিয়ে। অন্য তিন প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পার্টির রোকসানা পারভিন (আম), স্বতন্ত্র সাদেকুর রহমান (মোবাইল ফোন) ও শামিম আল মামুন (রেল ইঞ্জিন)। পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ১৮০। দুপুর একটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার আনিছুর রহমান।
সকাল ১০টা থেকে আলমডাঙ্গার নওদামন্ডবির গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে নারী ও পুরুষদের বুথে ভোটারদের লম্বা লাইন। প্রিসাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কেন্দ্রর ৩ নম্বর বুথে দেখা গেছে, ৩৫১ ভোটের মধ্যে ১৫০টি ভোট পড়েছে।
বেলা একটা পর্যন্ত গোবিন্দপুর জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলমডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র নতুন ও পুরাতন ভবন কেন্দ্র, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র, এরশাদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ ভোট গ্রহণের বিষয়টি চোখে পড়েছে। কোথাও কোনো গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ক্যানেল পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটাররা। ডলি রানী পাল, ও আরতি বালা জানালেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রই দেখা গেছে ভোটারের লাইন। তাদের মনোভাব ছিল উৎসাহব্যাঞ্জক।
এরশাদপুর একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ এইচ এম শামিমুজ্জামন জানান, বরাবর এই কেন্দ্রে একটু গোলযোগের ঘটনা ঘটে। এবারেও আশঙ্কা ছিল। তবে তেমন কিছু ঘটেনি।
এই কেন্দ্রে উপস্থিত জাসদের মেয়র প্রার্থী সবেদ আলী ও আওয়ামী লীগের প্রার্থী হাসান কাদির বলেন, যেভাবে ভোট গ্রহণ চলছে, এতে তাঁদের কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে ভোট চলছে।