আলমডাঙ্গায় শিশু ধর্ষণের শিকার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোলারদাড়ি গ্রামে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছে।
ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। শিশুটি বলে, গত শুক্রবার দুপুরে স্থানীয় গঙ্গা-কপোতাক্ষ খালের ধারে খেলাধুলা শেষে সে বাড়ি ফিরছিল। এ সময় ওই গ্রামের মাঝের পাড়ার জিল্লুর রহমান (৩০) তাকে জোর করে এলাকার একটি পান-বরজের ভেতরে নিয়ে গিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে ধর্ষণ করেন। শিশুটির মা জানান, প্রতিবেশীদের পরামর্শে লোকলজ্জার কথা ভেবে বিষয়টি প্রথমে কাউকে জানানো হয়নি। তবে রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় শনিবার বিকেলে জিল্লুর রহমানকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল রোববার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আকলিমা খাতুনের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন।
চিকিৎসক দলের সদস্য সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা জানান, পরীক্ষা সম্পন্ন হলেও প্রতিবেদন পেতে সময় লাগবে।