আলমডাঙ্গায় সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আহত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আবদুল হাই (৪৫) গত শনিবার (ঈদের দিন) মারা গেছেন। গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।হাইয়ের পরিবার এ হত্যাকাণ্ডের জন্য স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে দায়ী করছে। তবে ওই নেতার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি বলে এ ব্যাপারে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের পাশে মুখোশধারী সন্ত্রাসীরা আবদুল হাইকে রামদা দিয়ে কোপায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাজধানীর ব্রাইটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।আবদুল হাইয়ের বাবা আবদুল বারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এ জন্য তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা জিহাদী জুলফিকারকে দায়ী করে বলেন, তাঁর নির্দেশে যুবলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আবদুল হাইকে খুন করেছে।আবদুল হাইয়ের স্ত্রী পিঞ্জিরা খাতুন একই অভিযোগ করে জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে একদল সন্ত্রাসী বাড়িতে দুই দফা হামলা ও ভাঙচুর চালায়। সেদিন বাড়ি না থাকায় প্রাণে বেঁচে যান আবদুল হাই। হামলাকারীদের মধ্যে মো. নুরুজ্জামান ও সাইদুর রহমান নামের দুজনকে তিনি চেনেন। বাকি ব্যক্তিদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন।উপজেলা বিএনপির সভাপতি শহীদুল কাওনাইন অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই আবদুল হাইকে খুন করা হয়েছে। তাঁরা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার ও কাল বুধবার কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানান, ধারণার ওপর ভিত্তি করে কাউকে সরাসরি দায়ী করা ঠিক নয়।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ নিজ উদ্যোগে হামলাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে।