আলমডাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ইটভাটার শ্রমিক নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারীতে এনআরবি ইটভাটায় সন্ত্রাসীদের গুলিতে সুজন মৃধা (২৬) নামের ভাটার একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন পাবনার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের মৃত আবদুল মালেক মৃধার ছেলে।
আহত ব্যক্তিদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ শ্রমিক আবদুল লতিফকে (৩২) মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায়।
আহত আরও চারজন হলেন শ্রমিক পাবনার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের রবিউল ইসলাম (৩২), রবিউল হক (৩৫) ও আবদুর রাজ্জাক মৃধা (৪৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাগলা মালিহাদ গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫)। এ ছাড়া আহত হয়েছেন ভাটার ব্যবস্থাপক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের বাসিন্দা গোলাপ আলী (৫০)।
সুজনের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, ভাটার শ্রমিক-কর্মচারী ও স্থানীয় সূত্রগুলো জানায়, ভাটার মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা গতকাল দিবাগত রাত দুইটার দিকে কর্মরত শ্রমিকদের ওপর গুলি ছোড়ে ও তাদের পিটিয়ে জখম করে। ভাটাটির মালিক আলমডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আবু মুসা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে একটি সন্ত্রাসী দল আলমডাঙ্গা উপজেলার ভাটাগুলোতে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানতে পেরে ইটভাটার মালিকদের ডেকে পাহারা জোরদার করতে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নেননি। যে কারণে খুনের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, পাশের মিরপুর উপজেলার একটি সন্ত্রাসী গোষ্ঠী স্থানীয় সহযোগীদের নিয়ে এই খুনের ঘটনা ঘটিয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এ ঘটনার পর ইটভাটার মালিক আবু মুসা অসুস্থ হয়ে পড়েন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।