আলমডাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে ইটভাটার শ্রমিক নিহত
চাঁদা না দেওয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারীতে এনআরবি ইটভাটায় সন্ত্রাসীদের গুলিতে সুজন মৃধা (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শ্রমিকসহ ছয়জন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন পাবনার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামের মৃত আবদুল মালেক মৃধার ছেলে।
আহত ব্যক্তিদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ শ্রমিক আবদুল লতিফকে (৩২) মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায়। আহত অন্যরা হলেন ঈশ্বরদীর শাহপুর গ্রামের রবিউল ইসলাম (৩২), রবিউল হক (৩৫) ও আবদুর রাজ্জাক মৃধা (৪৫); কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাগলা মালিহাদ গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমারী গ্রামের গোলাপ আলী (৫০)।
পুলিশ, ভাটার শ্রমিক-কর্মচারী ও স্থানীয় সূত্রগুলো জানায়, ভাটার মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা বুধবার দিবাগত রাত দুইটার দিকে কর্মরত শ্রমিকদের ওপর গুলি ছোড়ে ও তাঁদের পিটিয়ে জখম করে। ভাটার মালিক আলমডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি আবু মুসা।
এদিকে ইটভাটার শ্রমিক হত্যা, অপহরণ ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালিব স্বাক্ষরিত আবেদনের কপি জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কিছুদিন আগে থেকে সন্ত্রাসীদের একটি দল আলমডাঙ্গা উপজেলার ভাটাগুলোতে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানতে পেরে ইটভাটার মালিকদের ডেকে পাহারা জোরদার করতে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা কোনো উদ্যোগ নেননি। তিনি দাবি করেন, পাশের মিরপুর উপজেলার একটি সন্ত্রাসী গোষ্ঠী স্থানীয় সহযোগীদের নিয়ে এ খুনের ঘটনা ঘটিয়েছে।
আহত শ্রমিকেরা জানান, সন্ত্রাসীরা চাঁদার জন্য গত ১৫ দিনে কয়েক দফা ভাটায় আসে। তিন দিন আগে এসে তারা মালিক চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে। বিষয়টি ভাটার মালিককে জানানো হলে তিনি শ্রমিকদের নির্ভয়ে কাজ করতে বলেন। কিন্তু বুধবার রাতে সন্ত্রাসীরা এসে শ্রমিকদের কাজ বন্ধ করতে বলে ও একপর্যায়ে গুলি ছুড়ে এবং ভাটায় ঘুমিয়ে থাকা শ্রমিকদের ডেকে তুলে বেধড়ক পেটায়।