আলমডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ জনযুদ্ধ নেতা মোকাম নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মোকাদ্দেস আলী মালিথা ওরফে মোকাম মালিথা (৪০) নিহত হয়েছেন।গত বুধবার মধ্যরাতে আলমডাঙ্গার যমুনার মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব একটি নাইন এমএম পিস্তল, একটি শাটারগান, একটি রিভলবার, দুটি গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।চুয়াডাঙ্গা র্যাব-৬-এর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি দল বুধবার মধ্যরাতে আলমডাঙ্গা-জামজামি সড়কে টহলে বের হয়। রাত ১২টার দিকে র্যাবের গাড়িটি ওই সড়কের যমুনার মাঠে পৌঁছালে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ির সামনে পড়ে। এ সময় র্যাব তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা পালানোর চেষ্টা করেন। র্যাবের দাবি, এ সময় তাঁদের পিছু ধাওয়া করলে তাঁরা একটি বাড়ির ভেতরে ঢুকে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। র্যাবও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা মোকাম গুলিবিদ্ধ হন। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোকাম আলমডাঙ্গা উপজেলার ভদুয়া গ্রামের মৃত এলাহী মালিথার ছেলে।র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসানুর রহমান প্রথম আলোকে বলেন, বন্দুকযুদ্ধের সময় র্যাবের সদস্যরা ৩২টি এবং চরমপন্থীরা অসংখ্য গুলি ছোড়ে। নিহত মোকামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পাঁচটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।