আলমারি উল্টে প্রাণ গেল শিশুর
চট্টগ্রামে খেলতে গিয়ে আলমারির নিচে চাপা পড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় নগরের চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার দর্জিপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আইরিন আক্তার। সে ওই এলাকার স্থায়ী বাসিন্দা আবদুস শুক্কুরের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আজ সকালে পাশের বাসায় শিশুটি খেলতে যায়। সেখানে খেলার সময় ঘরে থাকা একটি আলমারি উল্টে তার গায়ের ওপর পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইরিনের চাচি ফারজানা আক্তার বলেন, আইরিন প্রায়ই পাশের বাসায় খেলতে যেত। আজ খেলার সময় ধাক্কা লেগে আলমারিটা তার গায়ের ওপর পড়ে।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৪ আগস্ট চট্টগ্রাম নগরের সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয় এ ধরনের একটি দুর্ঘটনা ঘটে। গ্রন্থাগারের আলমারির চাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়দেব দত্ত মারা যায়।