আলমারি নেই, তাই মেঝেতে মামলার নথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমারি না থাকায় থানা থেকে আসা মামলার নথিগুলো এভাবে চেয়ার-টেবিলের ওপর রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় নগর পুলিশের জিআর শাখা থেকে তোলা l প্রথম আলো
আলমারি না থাকায় থানা থেকে আসা মামলার নথিগুলো এভাবে চেয়ার-টেবিলের ওপর রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় নগর পুলিশের জিআর শাখা থেকে তোলা l প্রথম আলো

মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে আছে মামলার নথি। এর মধ্যে আছে হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার নথিও। এই চিত্র চট্টগ্রাম আদালত ভবনের নগর পুলিশের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার।
জিআর শাখা সূত্র জানায়, আলমারি না থাকায় এভাবে মামলার নথিপত্র রাখা হয়েছে। আইনজীবীদের আশঙ্কা, কোনো নথি হারিয়ে গেলে বিচারকাজ শেষ হতে দেরি হয়ে যেতে পারে।
সূত্র জানায়, নগরের বায়েজিদ বোস্তামী, পাহাড়তলী, চান্দগাঁও, কর্ণফুলী ও ইপিজেড থানার জিআর শাখায় আলমারি নেই। বাকি ১১ থানার জিআর শাখায় আলমারি থাকলেও সেগুলো ভাঙাচোরা।
নগর পুলিশের জিআর শাখায় ১৬ থানার প্রায় ৩ হাজার ৪০০ মামলার নথিপত্র আছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় নগর পুলিশের জিআর শাখায় গিয়ে দেখা যায়, চেয়ার-টেবিলের ওপর ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে মামলার নথি। কক্ষে আইনজীবী ও তাঁদের সহকারী এবং আসামি ও তাঁদের স্বজনদের ভিড়। সংশ্লিষ্ট জিআরওর কাছে কাগজপত্র বুঝিয়ে দিচ্ছেন থানা থেকে আসা পুলিশ সদস্যরা।
বায়েজিদ বোস্তামী, পাহাড়তলী ও চান্দগাঁও থানার জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান থানা থেকে আসা নতুন মামলার নথিপত্র বুঝে নিচ্ছেন। তাঁর পেছনে চেয়ারে ও মেঝেতে আছে তিন শতাধিক মামলার নথি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আলমারি না থাকায় নথিপত্র এভাবে রাখা হয়েছে। মামলার ধার্য দিনে নথিপত্র খুঁজে বের করে আদালতে উপস্থাপন করা হয়। দিনে জিআর শাখায় এত লোকের ভিড় থাকে যে শঙ্কায় থাকি কখন কোন নথি হারিয়ে যায়। আলমারিতে নথিপত্র রাখা গেলে হারানোর শঙ্কা থাকত না।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, আলমারি না থাকায় নথিপত্র চেয়ার-টেবিল ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হচ্ছে। এতে যেকোনো সময় নথি হারিয়ে যাওয়ার কিংবা চুরির আশঙ্কা আছে। তিনি বলেন, শিগগিরই জিআর শাখায় আলমারির ব্যবস্থা করে নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। একটি নথি হারিয়ে গেলে বিচারে বিলম্ব হতে পারে।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।