আলমাস সুপার শপকে ছয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন প্রসাধনসামগ্রী রাখার অভিযোগে রাজধানীর গুলশান ১ নম্বরে আলমাস সুপারশপ ও জেনারেল স্টোরকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ওই দোকানটিতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এই আদালত পরিচালনা করেন।
গতকাল র্যা বের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মাননিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন নামকরা বিদেশি প্রতিষ্ঠানের জুস, মধু, বিস্কুট, গুঁড়া দুধ, সাবান, শ্যাম্পু, আফটার সেভ লোশন, টুথপেস্ট, ক্রিম ইত্যাদি পণ্য আলমাসে বিক্রির জন্য রাখা হয়েছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই অধ্যাদেশ অনুযায়ী চারটি মামলায় তাদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আলমাস জেনারেল স্টোরের পরিচালনাকারী আবদুল মান্নান (৫০) ও আলমাস সুপারশপের পরিচালনাকারী সৈয়দ মো. আজিজকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।