
ঘোষণা হলো, বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হবে। হবিগঞ্জের বি কে জি সি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা তখন অতিথিদের ঘিরে দাঁড়িয়েছে। তুমুল করতালিতে একঝাঁক বেলুনের সঙ্গে বাঁধা ভাষা প্রতিযোগের স্মারকটি ছেড়ে দেওয়া হলো। কিন্তু মুশকিল, বেলুন তো ওড়ে না! রীতিমতো ঠেলা-ধাক্কা দিয়েও বেলুনগুলোকে স্কুলমাঠ থেকে বিদায় দেওয়া যাচ্ছিল না। যেন রঙিন এই উৎসব ছেড়ে ওরা যেতেই চাইছে না! শিক্ষার্থীরা যখন ‘সম্মিলিত ফুঁ’ দিয়ে বেলুনগুলো উড়িয়ে দেওয়ার কথা ভাবছে, তখন অবশেষে একরকম মন খারাপ করেই আকাশে উড়ে গেল রঙিন বেলুনের দল।
হাতে কী?
হবিগঞ্চের ভাষা প্রতিযোগে তখন চলছে প্রশ্নোত্তর পর্ব।
‘ওই যে হাতে কালো ব্যান্ড, তুমি দাঁড়াও।’
‘এই যে অভিজ্ঞানপত্রটা উঁচু করে ধরে আছ, এবার তুমি প্রশ্ন করো।’
‘একদম পেছনে, হাতে কাঠের স্কেল...বলো কী জানতে চাও?’
এভাবে বেশ কয়েকজনের প্রশ্ন নেওয়ার পর শিক্ষার্থীরা মনে হলো, একটা বুদ্ধি পেয়ে গেছে। হাতে একটা কিছু থাকলে বোধ হয় সহজে চোখে পড়ে, ভেবে সবাই এবার হাতে একটা না একটা কিছু উঁচু করে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। কারও হাতে চশমা, কারও হাতে চুলের ব্যান্ড, কারও হাতে কলম...। ব্যাপার বুঝতে পেরে অনুষ্ঠানের সঞ্চালক একটু কৌশলী হলেন। বললেন, ‘উহু, হাতে কিছু থাকলেই যে তাকে দাঁড়াতে বলব, তা নয়! ওই যে জুসের প্যাকেট ধরে হাত তুলেছ যে, তার পেছনের জন দাঁড়াও!’
দুর্ধর্ষ ‘ষ’
টাঙ্গাইলে প্রশ্নোত্তর পর্ব তখন জমে উঠেছে। এক শিক্ষার্থীর প্রশ্ন ছিল ‘নিঃ+কার=নিষ্কার। এখানে পেট কাটা মূর্ধন্য ষ এল কোথা থেকে?’ উত্তরে সৌমিত্র শেখর বললেন, ‘সুন্দর প্রশ্ন করেছ। কিন্তু “মূর্ধন্য ষ” কে “পেট কাটা ষ” বললে কি ভালো শোনায়? মনে হয় গাল কাটা কামাল, ঠোঁট কাটা জামালের মতো ভয়ংকর কোনো সন্ত্রাসীর কথা বলছ!’ শিক্ষার্থীদের মধ্যে ততক্ষণে হাসির রোল উঠেছে।
রসায়নের ব্যাকরণ
চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে তখন একে একে জড়ো হতে শুরু করেছে আশপাশের স্কুলের শিক্ষার্থীরা। এমন সময় দেখা গেল, এক পরীক্ষার্থী বসে মন দিয়ে পড়ছে। একটু পর বাংলা ভাষার ওপর পরীক্ষা শুরু হবে, নিশ্চয়ই ব্যাকরণ বা বাংলা সাহিত্যের কোনো অংশই ঝালাই করে নিচ্ছে সে। ভেবে কাছে গিয়ে উঁকি দিতেই অবাক হতে হলো। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র হাসনাইন কবিরের হাতে যে নবম শ্রেণির রসায়ন বই!
‘স্কুলে রসায়ন পরীক্ষা বুঝি?’
‘না, এমনিই পড়ছি।’
পাশ থেকে এক বন্ধু বলল, ‘রসায়ন পড়তেও তো বাংলা ব্যাকরণ লাগে, তাই।’ শুনে হাসনাইনও হেসে একমত হলো।