আলহাজ পাটকলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌর সদরের আলহাজ পাটকলের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার ভোরে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। পাটকল ও শ্রমিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটকলের প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। মজুরি বৃদ্ধি করা না হলে গত সোমবার সকাল ১০টা থেকে শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়ায় পাটকল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে গতকাল রাতে স্থানীয় সাংসদ মুরাদ হাসান ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বৈঠকে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়। সাংসদের বেতন বৃদ্ধির আশ্বাসে শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।শ্রমিক লুৎফর রহমান জানান, বেতন বৃদ্ধির আশ্বাসে আমরা কাজে যোগদান করেছি। স্পিনিং বিভাগের শ্রমিক ছলিম উদ্দিন জানান, সাংসদ মালিকের সঙ্গে কথা বলে বেতন বৃদ্ধি করে দেবেন বলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।আলহাজ পাটকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সদস্য সেলিমুল রেজা ও জাহিদুর রহমান জানান, সাংসদ মুরাদ হাসানের বেতন বৃদ্ধির আশ্বাসে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। পাটকলটির উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, পাটকলের মালিক বেতন বৃদ্ধির আশ্বাস দিলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।সাংসদ মুরাদ হাসান প্রথম আলোকে জানান, মালিকের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে।