আলাউদ্দিন আল আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
কবি, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আলাউদ্দিন আল আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে আজ শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ছোট কাগজ বাংলা দর্পণ আলোচনা সভা ও স্মৃতি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে বিকেল চারটায় এ অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনা করবেন মনিরুজ্জামান, জামিলা আল আজাদ, মনসুর মুসা, বেগম মমতাজ হোসেন প্রমুখ।আলাউদ্দিন আল আজাদের জন্ম ১৯৩২ সালের ৬ মে নরসিংদী জেলার রামনগর গ্রামে। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষরাত বসন্তের প্রথমদিন, খসড়া কাগজ, কায়াহীন ছায়াহীন, ক্যাম্পাস ইত্যাদি।ছোটগল্প হচ্ছে জেগে আছি, বৃষ্টি, মৃগনাভি, অন্ধকার সিঁড়ি, জীবনজমিন এবং কবিতা ‘মানচিত্র’, ‘ভোরের নদীর মোহনায় জাগরণ’, ‘লেলিহান পাণ্ডুলিপি’, ‘আমি যখন আসবো’, ‘চোখ’ ইত্যাদি। কাব্যনাট্য হচ্ছে ইহুদির মেয়ে, রঙিন মুদ্রারাক্ষস ইত্যাদি।