আলাউদ্দিন উল্লাহর ডিশওয়াশার্স ড্রিম

আলাউদ্দিন উল্লাহ আমেরিকার মূলধারায় একমাত্র সফল বাঙালি কমেডিয়ান। এ দেশে বলা হয় ‘স্ট্যান্ড-আপ কমিক’। তাঁর একক অভিনয় দেখার পর লস অ্যাঞ্জেলেস টাইমস মন্তব্য করেছিল, ‘দক্ষিণ এশিয়া থেকে আসা সেরা কমেডিয়ান।’ নিউইয়র্ক টাইমস-এর মন্তব্য ছিল, ‘দমফাটা হাসির নাটক, কিন্তু আলাউদ্দিন আপনাকে ভাবায়, অসাধারণ।’
অথচ এই লোকটিকে দেখে সঙ্গে সঙ্গে যে আপনি হেসে গড়িয়ে পড়বেন, মোটেই তা নয়। কথা বলার পর সম্পূর্ণ উল্টো ধারণাই হবে। গম্ভীর, চিন্তাশীল, আবেগপ্রবণ ও উদ্বিগ্ন। আমেরিকার ইতিহাস ও রাজনীতি নিয়ে তাঁর জ্ঞান গভীর, এ দেশের বর্ণবাদী রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় নিবিড়, অভিবাসীদের অবিরাম সংগ্রাম ও ব্যর্থতার বিষয়ে তাঁর অভিজ্ঞতা প্রত্যক্ষ। সেই আলাউদ্দিনই যখন মঞ্চে ওঠেন, আলো নিভে গেলে যখন তিনি কথা বলা শুরু করেন, দর্শকের আসনে স্থির হয়ে বসে থাকা অসম্ভব।
আলাউদ্দিনের জন্ম নিউইয়র্কের স্প্যানিশ হার্লেমে। মুখ্যত পুয়ের্তো রিকো থেকে আগত অভিবাসীদের ঘেটো এই স্প্যানিশ হার্লেম, ষাট ও সত্তরের দশকে যখন আলাউদ্দিন এখানে তাঁর শৈশব কাটান, তখন সম্ভবত তাঁরাই ছিলেন একমাত্র বাঙালি। বাবা হাবিবুল্লাহ নোয়াখালীর মানুষ, জাহাজের খালাসি, ভাগ্যাণ্বেষী অন্য অনেক অভিবাসীর মতো তিনিও নিউইর্য়কে ভিড়ে যান চল্লিশের দশকের কোনো একসময়। আশ্রয় পান এই স্প্যানিশ হার্লেমে। কাজ জোটে রেস্তোরাঁর ‘ডিশ ওয়াশার’ হিসেবে। পরে দুই বন্ধু মিলে একটি রেস্তোরাঁ চালু করেন, নাম ‘বেঙ্গলস গার্ডেন।’
এটা এমন এক সময়ের কথা যখন আমেরিকা সাদা ও কালো মানুষে প্রবল রকম বিভক্ত। এই সেদিন পর্যন্ত হার্লেমে পা ফেলার কথা ভাবত না কোনো শ্বেতকায়। অপরাধ ও মাদক ব্যবসার জন্য অঞ্চলটি এখনো সুপরিচিত। হাবিবুল্লাহ প্রথমে একটি পুয়ের্তোরিকান মহিলাকে বিয়ে করেন। তাঁর মৃত্যুর পর, নিজের যখন ৫২ বছর, হাবিবুল্লাহ নোয়াখালী থেকে একটি কিশোরী মেয়েকে বিয়ে করে আনেন। আলাউদ্দিন তাঁরই সন্তান।
তাঁর স্ট্যান্ড-আপ কমিকে আলাউদ্দিন নিজের গল্পটিই বলেন, কিন্তু তা বলেন প্রবল বিদ্রূপ ও পরিহাস নিয়ে। যেন নিজেকে নিজেই ঠাট্টা করছেন, অথচ সেই ঠাট্টার নিচে থাকে বেদনার অশ্রুজল। তাঁর প্রথম মঞ্চ সফল নাটক হালাল ব্রাদার্স ও নতুন নাটক ডিশওয়াশার্স ড্রিম -এর গল্পটিতে রয়েছে একদিকে বাবা হাবিবুল্লাহর আমেরিকায় টিকে থাকার জন্য প্রাত্যহিক সংগ্রাম, অন্যদিকে বিদ্রোহী মার্কিন কিশোর আলাউদ্দিনের বাবা-মায়ের সঙ্গে নিরন্তর বচসা ও সাংস্কৃতিক দূরত্ব। হার্লেমের অন্য কৃষ্ণকায় বালকদের সঙ্গে আলাউদ্দিনের কোনো প্রভেদ ছিল না। তিনি নিজেকে কালো মানুষ বলেই জানতেন, অথচ ঘরে বাবা-মা দুজনেই কালোদের ‘কালুয়া’ বলে তিরস্কার করতেন। ‘মনে রাখবা আমরা কালুয়া না, আমরা মুসলমান।’
বাবার সঙ্গে তাঁর প্রথম সংঘর্ষ বাধে স্কুল পালিয়ে দেয়াল ছাপচিত্র বা গ্রাফিটি আঁকার জন্য গ্রেপ্তার হওয়ার পর। ছাড়াতে এসে হাবিবুল্লাহ কিশোর আলাউদ্দিনকে তিরস্কার করলেন, ‘ছিঃ ছিঃ, আমি দিন-রাত খেটে মরি, আর আমার ছেলে দেয়াল নোংরা করে। এই জন্যই কি আমি আমেরিকায় এসেছিলাম?’ আলাউদ্দিন জবাব দেয়, ‘দেয়াল নোংরা করা নয়, আমি ছবি আঁকি, সে ছবিতে আমার প্রতিবাদের কথা আছে। এসবের তুমি বুঝবে না।’ রুষ্ট বাবা তখন তাঁকে ষাটের দশকে জর্জিয়াতে রেস্তোরাঁয় খেতে এসে তিনি কীভাবে গ্রেপ্তার হয়েছিলেন, সে গল্পটি শোনান। তাঁর জানা ছিল না সে সময় জর্জিয়ায় সাদা-মালিকদের দোকানে কৃষ্ণকায়দের প্রবেশ নিষিদ্ধ। রেস্তোরাঁয় ঢুকে খাবার অর্ডার করলেন হাবিবুল্লাহ, কিন্তু ওয়েট্রেস জানিয়ে দিল, এই রেস্তোরাঁয় কালোদের প্রবেশ নিষেধ। হাবিবুল্লাহ বললেন, তিনি ক্ষুধার্ত, খাবার না খেয়ে তিনি উঠবেন না। অনতিবিলম্বে পুলিশ এসে হাজির এবং যথারীতি এক বন্ধুসমেত তাঁরা শ্রীঘরে। হাবিবুল্লাহ কিশোর পুত্রকে প্রশ্ন করেন, ‘আমি তো জেলে গেছি অন্যায়ের প্রতিবাদ করে। তুমি কিসের প্রতিবাদ করছ?’
স্ট্যান্ড-আপ কমিক হিসেবে সাফল্য আলাউদ্দিনকে আমেরিকার ৫০টি অঙ্গ রাজ্যের প্রতিটিতে নিয়ে গেছে। আমেরিকার সেরা কমিক, যেমন ক্রিস রক, ডেভ চ্যাপেল ও আসিফ মান্দভি, তাঁদের সঙ্গে এক মঞ্চে অভিনয় করেছেন। অভিনেতা ও নাট্যকার হিসেবে তাঁর প্রতিভার স্বীকৃতি জানিয়ে নিউইর্য়কের খ্যাতনামা পাবলিক থিয়েটার তাঁকে আবাসিক শিল্পী হিসেবে আমন্ত্রণ জানায়। সেখানেই আলাউদ্দিন প্রথম তাঁর ডিশ ওয়াশার্স ড্রিম -এর প্রথম মঞ্চায়ন করেন। মঞ্চে তাঁর সাফল্যের কারণে টিভি থেকে আমন্ত্রণ আসে। এমটিভি, কমেডি সেন্ট্রাল, এইচবিও ইত্যাদি জনপ্রিয় টিভি চ্যানেলে বহুবার তিনি অভিনয় করেছেন। হলিউড থেকেও আমন্ত্রণ পেয়েছেন, একাধিক ছবিতে অভিনয়ও করেছেন। ৯/১১-এর ঘটনার পর হলিউডের একজন খ্যাতনামা পরিচালকের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন একজন মুসলমান টেররিস্টের ভূমিকায় অভিনয়ের জন্য। হলিউড মুসলমানদের বিকৃত চরিত্র চিত্রণের জন্য সুপরিচিত। এই চরিত্রটিও তাঁর থেকে ভিন্ন কিছু ছিল না। একলা ঘরে, আয়নার সামনে, ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দিতে গিয়ে আলাউদ্দিনের মনে বাবার চিত্রটি ভেসে ওঠে। ‘এ জন্যই কি আমি আমেরিকায় এসেছিলাম?’ চুক্তি স্বাক্ষরের ঠিক আগে আলাউদ্দিন পরিচালককে জিজ্ঞাসা করেন, ‘আচ্ছা, তুমি নিজে কি কোনো মুসলমানকে চেনো? ১০০ কোটি মুসলমানের ভেতর তুমি এমন একজনকে বেছে নিলে, যে সন্ত্রাসী। আমার বাবা মুসলমান ছিলেন, তিনি এই দেশে এসেছিলেন ভাগ্যান্বেষণে, সন্ত্রাসী হতে নয়।’
বলাই বাহুল্য, সে ফিল্মে অভিনয় করা হয়ে ওঠেনি আলাউদ্দিনের। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি হাত দেন ডিশ ওয়াশার্স ড্রিম লেখায়। টুকরো টুকরো অংশ নানা মঞ্চে অভিনীত হয়েছে, সম্পূর্ণ নাটকটিও অভিনীত হয়েছে একবার, কিন্তু সে কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। ফলে চলছে নাটক সম্পাদনার কাজ, কারিগরি বিভিন্ন দিকের চুলচেরা বিচার। তাঁকে এই কাজে সাহায্য করছেন নাটকটির পরিচালক ক্রিস ম্যাকেলরোয়েন। পাশাপাশি একই নামে একটি তথ্যচিত্র নির্মাণেও হাত দিয়েছেন তিনি। বেঙ্গলি হার্লেম গ্রন্থের লেখক ভিভেক বল্ড রয়েছেন তাঁর সঙ্গে। পর্যাপ্ত অর্থ সঙ্কুলান না হওয়ায় তথ্যচিত্রটি এখন মাঝপথে ঠেকে আছে। তাঁর ইচ্ছা মাকে নিয়ে একবার নোয়াখালীর দেশের বাড়ি ঘুরিয়ে আনেন। তথ্যচিত্রটি শেষ হবে তাঁদের গৃহে ফেরা দিয়ে। কিশোর বয়সে একবার তিনি নোয়াখালী গিয়েছিলেন, সে স্মৃতি এখনো অমলিন। মা এখন পঙ্গু, বয়স সত্তর পেরিয়েছে। অপেক্ষায় আছেন, অর্থ জোগাড় হলেই, মা-ছেলে মিলে দেশে পাড়ি দেবেন।
আলাউদ্দিন তাঁর এই গল্প আমাকে শোনান ম্যানহাটনে তাঁর মহড়ার ফাঁকে ফাঁকে। আমি দেখি তাঁর চোখের এক কোনায় চিক চিক করছে এক বিন্দু অশ্রু।