আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলার প্রতিবাদ
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলার প্রতিবাদে সংগীতশিল্পীসহ বিশিষ্টজনেরা বিবৃতি দিয়েছেন। গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একশ্রেণির মাদ্রাসার ছাত্র যে তাণ্ডব চালিয়েছে, তার শিকার হয়েছে অমর সুরস্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাঁর ব্যবহৃত অমূল্য বাদ্যযন্ত্রসহ অন্যান্য সামগ্রী এবং ১৯৫৬ সাল থেকে প্রতিষ্ঠিত সংগীত চর্চাকেন্দ্র। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সাথে সংগীত ও সংস্কৃতিচর্চার কোনো সম্পর্ক নেই। সংস্কৃতিচর্চার সঙ্গে ধর্মের নেই কোনো বিরোধ। সুতরাং আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, একজন মাদ্রাসাছাত্রের মৃত্যুসংবাদকে পুঁজি করে এ দেশের সংস্কৃতিবিনাশী শক্তি উপমহাদেশের উচ্চাঙ্গসংগীতের কিংবদন্তি সুরসাধককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইতিপূর্বে পবিত্র ধর্মের উগ্র ব্যাখ্যা দানকারী গোষ্ঠী রাজধানীসহ সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে। তাই, আমাদের ধারণা এ ধরনের অঘটনের ধারাবাহিকতায় এই অপকর্মটি সাধিত হয়েছে।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যাশা দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বাংলাদেশে সংস্কৃতিচর্চার বিকাশে অগ্রসর হয়ে এই অপশক্তিকে রুখে দাঁড়াবে। বিবৃতিতে স্বাক্ষর করেন সুধীন দাশ, সন্জীদা খাতুন, ডা. সারওয়ার আলী, সুলতানা কামাল, সাবিনা ইয়াসমীন, সুজেয় শ্যাম, ফরিদা পারভীন, নাদিরা বেগম, শাহীন সামাদ, পাপিয়া সারোয়ার, ইফ্ফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, ইউসুফ খান, তপন মাহমুদ, খায়রুল আনাম শাকিল, অসিত দে, চন্দনা মজুমদার ও লাইসা আহমদ লিসা।