উপমহাদেশের প্রখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সম্পত্তি কেউ জোর করে কুক্ষিগত করবে, তা হতে দেওয়া হবে না। তিনি একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪২তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বর্তমান সাংসদ ফয়জুর রহমান এসব কথা বলেন।
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।
শিবপুর গ্রামে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজ প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সাংসদের সভাপতি রানা শামীমের সভাপতিত্বে এ সভা হয়। এ সময় আরও বক্তব্য দেন পীরজাদা শহিদুল আলম, শফিকুল ইসলাম, খোরশেদ আলম, মোশারফ হোসেন, মোছেনা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ শাহ জিকরুল বলেন, ‘আমরা শুনেছি ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওয়ারিশ আছেন ১৯ জন। তাহলে তাঁর সম্পত্তির মালিক দুজন হন কীভাবে? ভুয়া দলিল করে কেউ এই ওস্তাদের সম্পত্তি কুক্ষিগত করবে, সেটা হতে দেওয়া হবে না।’
প্রধান বক্তা ফয়জুর রহমান বলেন, ‘জনগণই ওস্তাদ আলাউদ্দিন খাঁর সম্পত্তি দখলের চেষ্টাকারীদের প্রতিহত করবে। এই সংগীতগুরুর বংশধরদের সঙ্গে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে গিয়ে আমি নিজে যোগাযোগ করব। তবুও তাঁর সম্পত্তি কাউকে দখল করতে দেওয়া হবে না।’